কাঁচা সড়কের কাদা-পানিতে গ্রামবাসীর দুর্ভোগ

Printed Edition
ঘাটাইলের ঘোড়াদহ খালপাড় সড়কের বেহাল অবস্থা : নয়া দিগন্ত
ঘাটাইলের ঘোড়াদহ খালপাড় সড়কের বেহাল অবস্থা : নয়া দিগন্ত

খাদেমুল ইসলাম মামুন ঘাটাইল (টাঙ্গাইল)

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ঘোড়াদহ খালপাড় পাকা সড়ক থেকে সরাতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় এক কিলোমিটার কাঁচা সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদায় পরিণত হওয়ায় কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমে সড়কটি দিয়ে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। কাদা ও পানির কারণে হেঁটে চলাচলও কঠিন হয়ে পড়ে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, কৃষক, ব্যবসায়ী, রোগী ও সাধারণ পথচারীরা প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন।

সড়কটি সরাশাক, মুসুল্লিপাড়া, কামারপাড়াসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ মাধ্যম। বিশেষ করে কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিতে সমস্যায় পড়তে হচ্ছে। যানবাহন চলাচলে বাধার কারণে অনেক সময় অতিরিক্ত খরচে বিকল্প উপায়ে পণ্য পরিবহন করতে হয় বলে জানান স্থানীয়রা।

স্থানীয় কৃষক রমেশ চন্দ্র বলেন, বর্ষাকালে মাঠ থেকে কৃষিপণ্য বাজারে নিতে অতিরিক্ত পরিবহন ব্যয় হয়। কাদার কারণে অনেক সময় যানবাহন আটকে যায়, এমনকি দুর্ঘটনাও ঘটে। এতে কৃষকদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়।

সরাতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল চন্দ্র ঘোষ বলেন, বিদ্যালয়ে প্রায় ২০০ শিক্ষার্থী রয়েছে। বর্ষা শুরু হলে কাদাময় সড়কের কারণে অনেক শিক্ষার্থীর বিদ্যালয়ে আসা কঠিন হয়ে পড়ে। ফলে অনুপস্থিতি বাড়ে এবং পাঠদান কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ে।

স্থানীয় ইউপি সদস্য আনিসুর রহমান বলেন, সড়কটি শুধু একটি গ্রামের নয়, আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত এবং কৃষিপণ্য পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনেও সড়কটি পাকাকরণের উদ্যোগ না নেয়ায় জনদুর্ভোগ বাড়ছে।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দফতরের কাছে সড়কটি পাকাকরণের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেয়া হয়নি। দ্রুত সড়কটি পাকাকরণের মাধ্যমে দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।