বরিশাল ব্যুরো
নজরুলবর্ষ উদযাপন উপলক্ষে বরিশালে তিনদিনব্যাপী অনুষ্ঠানমালা ৪ জুলাই শনিবার রাতে শেষ হয়েছে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বরিশাল জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক মো: খায়রুল আলম সুমন।
বক্তব্য রাখেন বরিশাল জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল জব্বার, বরিশাল জেলা জাসাসের আহ্বায়ক এসএম সাব্বির নেওয়াজ সাগর, মহানগর জাসাসের আহবায়ক মীর আদনান আহমেদ তুহিন, জেলা কালচারাল অফিসার তানবীর রহমান, সঙ্গীত পরিচালক সজীব আহমেদসহ সাংস্কৃতিক সংগঠকরা।
অনুষ্ঠানে নজরুল সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
পরে বরিশাল জেলা ও মহানগর জাসাসের আয়োজনে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পী জহরুল হাসান সোহেলের গ্রন্থনা ও সঙ্গীত পরিচালনায় বরিশালের আঞ্চলিক গানের গীতি আলেখ্য ‘ঐতিহ্যের বরিশাল’ পরিবেশন করেন মহানগর জাসাসের শিল্পীরা।
মালিহা ইসলাম মুনা ও শফিকুল ইসলামের পরিচালনায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিপ্লবী রণসঙ্গীতের তালে ও কোরিওগ্রাফিতে পরিবেশিত হয় মনোমুগ্ধকর নৃত্য।



