চেনা ছন্দে আর্জেন্টিনা-ব্রাজিল

Printed Edition
মেসিদের গোল উৎসব : ইন্টারনেট
মেসিদের গোল উৎসব : ইন্টারনেট

ক্রীড়া ডেস্ক

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আন্তর্জাতিক প্রীতিম্যাচগুলোতে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিচ্ছে বিশ্বের শীর্ষ ফুটবল দলগুলো। প্রীতিম্যাচে গতকাল আর্জেন্টিনা ও ব্রাজিল দাপুটে জয় তুলে নিয়েছে। অন্য দিকে শিরোনামে থাকলেও ইউরোপ, আফ্রিকা ও আমেরিকার অন্য দলগুলো নামের প্রতি তেমন সুবিচার করতে পারেনি।

বুয়েন্স আয়ার্সে জাম্বিয়ার বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম প্রীতিম্যাচে তুলনামূলক দুর্বল দল মৌরিতানিয়ার বিপক্ষে দুর্বল পারফরম্যান্সে কারণে সমালোচনায় পড়েছিল আলবিসেলেস্তেরা। তবে জাম্বিয়ার বিপক্ষে দলীয় পারফরম্যান্সে আবার নিজেদের জাত চেনালেন আর্জেন্টাইনরা। আগের ম্যাচে পুরো সময় না খেললেও এ ম্যাচজুড়ে আক্রমণের কেন্দ্রবিন্দুতে ছিলেন লিওনেল মেসি। প্রথমার্ধে গোল করেন জুলিয়ান আলভারেজ ও মেসি, আর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান নিকোলাস ওতামেন্দি। এরপর আত্মঘাতী ও শেষদিকে ভ্যালেন্তিনোর গোল বড় জয় নিশ্চিত করে তিনবারের চ্যাম্পিয়নদের। এই ম্যাচে মেসি জাতীয় দলের হয়ে ৪০টি ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে গোল করার অনন্য কীর্তিও গড়েন।

অন্য ম্যাচে চেনা ছন্দে ফিরেছে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগের ম্যাচে ফ্রান্সের কাছে ১-২ গোলে পরাজয়ের পর ফ্লোরিডায় ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে সেলেকাওরা। প্রথমার্ধের শেষদিকে দানিলো গোল করে এগিয়ে নেন দলকে। ৮৪ মিনিটে লোভরো মাজের সমতা ফেরালেও চার মিনিট পর পেনাল্টি থেকে ইগর থিয়াগো গোল করে আবার লিড এনে দেন। যোগ করা সময়ে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি গোল করে বড় ব্যবধানের জয় নিশ্চিত করেন।

এ দিকে ইউরোপ ও আমেরিকার দলগুলোও প্রীতিম্যাচে ব্যস্ত সূচি পার করছে। বড় দলগুলো পেয়েছে কাক্সিক্ষত জয়। পর্তুগাল ২-০ গোলে যুক্তরাষ্ট্রকে, অস্ট্রিয়া ১-০ গোলে দক্ষিণ কোরিয়াকে, সেøাভাকিয়া ২-০ গোলে রোমানিয়াকে পরাজিত করলেও ইংল্যান্ড ১-০ ব্যবধানে জাপানের কাছে হেরেছে। এ ছাড়া যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ১-০ গোলে আলবেনিয়াকে, বেনিন ১-০ গোলে গিনিকে, আইভরি কোস্ট ১-০ স্কটল্যান্ডকে, মরক্কো ২-১ গোলে প্যারাগুয়েকে ও আফ্রিকান নেশন্স জয়ী সেনেগাল ৩-১ গোলে গাম্বিয়াকে পরাজিত করে। তবে স্পেন, মিসর, আয়ারল্যান্ড, কানাডা, মেক্সিকো, বেলজিয়াম, পেরু ও হন্ডুরাস প্রীতিম্যাচে ড্র নিয়ে মাঠ ছেড়েছে।