পাকিস্তানে পুলিশের গাড়িতে অতর্কিত হামলা, নিহত ৫

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কারাকের গুরগুরি এলাকায় গতকাল মঙ্গলবার দেশটির পুলিশের গাড়িতে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির অন্তত পাঁচজন পুলিশের সদস্য নিহত হয়েছেন। ডন।

দেশটির জেলা পুলিশের মুখপাত্র সৈকত খান হামলা ও হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ঘটনাস্থলে পুলিশের বিশাল বহর অবস্থান করছে, এর মধ্যে জেলা পুলিশের কর্মকর্তা রয়েছেন। হামলাকারীদের ধরতে অভিযান চলছে। হামলার প্রকৃত ধরন সম্পর্কে এখনো জানা যায়নি। তবে জেলা পুলিশের মুখপাত্রের শেয়ার করা ছবিতে গাড়ির পুড়ে যাওয়া অংশ দেখা গেছে। খাইবার পাখতুনখোয়া বিভিন্ন এলাকায় পুলিশকে লক্ষ্য করে সিরিজ হামলার এটি সর্বশেষ ঘটনা। গত সপ্তাহে লাক্ষি মারওয়াতে বন্দুক হামলায় পুলিশের এক কর্মকর্তা এবং তার ভাই নিহত হয়েছেন। এ ছাড়া চলতি মাসের শুরুতে একই এলাকায় আত্মঘাতী হামলায় একজন পুলিশ নিহত হয়েছেন এবং আরো পাঁচজন আহত হন। এর আগে নভেম্বরে একই প্রদেশের হাঙ্গুতে চেকপোস্টে সন্ত্রাসী হামলায় তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছিলেন।