সিএনএন
যুক্তরাষ্ট্রের সাথে প্রাথমিক চুক্তির পরও হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে। এ প্রণালীতে সামরিক তৎপরতা নিয়ে ব্রিটেন ও ফ্রান্সকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ফ্রান্স ও ব্রিটেন জানিয়েছে, গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচলের স্বাধীনতা রক্ষায় সামরিক বাহিনী পাঠাতে তারা প্রস্তুত রয়েছে। দেশ দু’টির পক্ষ থেকে এমন বার্তা আসার পর শনিবার হরমুজ প্রণালীতে যেকোনো ধরনের সামরিক তৎপরতার বিরুদ্ধে তাদের সতর্ক করেছে ইরান।
এক্সে দেয়া এক পোস্টে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেন, একটি দায়িত্বশীল শক্তি এবং প্রণালীর নিরাপত্তার নিশ্চয়তাকারী হিসেবে ইরান এই নৌপথে যেকোনো সামরিক তৎপরতার বিরুদ্ধে সতর্ক করছে। হরমুজ প্রণালীর নিরাপত্তা উপকূলীয় রাষ্ট্রগুলোর ওপর নির্ভরশীল। পোস্টের সাথে গরিবাবাদি একটি স্ক্রিনশট যুক্ত করেছেন। এতে ব্রিটেন-ফ্রান্সের যৌথ তৎপরতার একটি ঘোষণা রয়েছে।
উভয় দেশই প্রণালীটিতে নৌচলাচলের স্বাধীনতা রক্ষা এবং আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে প্রচেষ্টা জোরদার করেছে। এ জন্য গত এপ্রিলে আরো ৫১টি দেশের অংশগ্রহণে একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
চলতি সপ্তাহের শুরুতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর একটি বিবৃতিরও বিরোধিতা করেছে ইরান। ওই বিবৃতিতে ম্যাখোঁ বলেন, ফ্রান্স, ওমান ও অন্যান্য দেশ প্রণালীটি থেকে মাইন অপসারণে সহযোগিতা করবে। সে সময় গরিবাবাদি বলেন, নৌপথটি থেকে মাইন অপসারণের কাজ একমাত্র ইরানই করবে।



