জুলাই জাতীয় সনদ, গণভোটে প্রাপ্ত ম্যান্ডেট, অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশসমূহের ভবিষ্যৎ এবং সংবিধান সংস্কার- সব মিলিয়ে দেশের রাজনৈতিক অঙ্গন এখন এক জটিল বিতর্কের কেন্দ্রে অবস্থান করছে। সরকারি দল বিএনপি এক দিকে বলছে, তারা জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার ধাপে ধাপে বাস্তবায়ন করবে; অন্য দিকে সংসদের বিরোধীদল ও রাজপথের শক্তিগুলো অভিযোগ করছে, এই প্রতিশ্রুতি বাস্তবে প্রতিফলিত হচ্ছে না। বরং সংস্কারের নামে সময়ক্ষেপণ করা হচ্ছে এবং মূল কাঠামোগত পরিবর্তন এড়িয়ে যাওয়া হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতার কারণে সংস্কারসংক্রান্ত প্রায় সব সিদ্ধান্ত এখন তাদের ওপর নির্ভরশীল। ফলে দলটি বাস্তবে কতটা রাজনৈতিক সদিচ্ছা দেখায়, তা নির্ধারণ করবে দেশের সংস্কার প্রক্রিয়ার গতি ও ভবিষ্যৎ। তবে এই অবস্থান পরিষ্কারভাবে বোঝার জন্য আরো কিছু সময় পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে।
সংস্কার বাস্তবায়ন নিয়ে দ্বিমত
সূত্র জানায়, ‘জুলাই সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ নিয়ে বিএনপির প্রশ্ন তোলার অবস্থান বিরোধী মহলে উদ্বেগ তৈরি করেছে। তাদের অভিযোগ, বিএনপি সরকার গঠনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এসে তার সাথে বর্তমান অবস্থানের স্পষ্ট বৈপরীত্য দেখা যাচ্ছে। বিরোধীদের মতে, এই অবস্থান দেশকে পুনরায় সাংবিধানিক কর্তৃত্ববাদের দিকে ঠেলে দিতে পারে।
কিছু রাজনৈতিক নেতা মনে করছেন, জনমতের চাপ সামাল দিতে সরকার সীমিত কিছু সংস্কারমূলক পদক্ষেপ নিলেও তা রাষ্ট্রীয় ক্ষমতার কাঠামোয় মৌলিক পরিবর্তন আনবে না। তবে বিরোধী শিবিরের একটি অংশ এখনো পরিস্থিতি পর্যবেক্ষণের পক্ষে, কারণ সরকার বলছে- বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
অধ্যাদেশের ভবিষ্যৎ ও বিতর্ক
অন্তর্বর্তী সরকারের সময়ে ১৮ মাসে জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশের মধ্যে জাতীয় সংসদের বিশেষ কমিটি ১১৭টি অনুমোদনের সুপারিশ করেছে। বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি আপাতত বিল আকারে না তোলার সুপারিশ করা হয়েছে। এই ১৬টি পরবর্তীতে পর্যালোচনা করে সংশোধিত আকারে পুনরায় উত্থাপনের কথা বলা হয়েছে। ফলে কার্যত ২০টি অধ্যাদেশই আপাতত অকার্যকর হয়ে পড়েছে।
এই বাতিল বা স্থগিত অধ্যাদেশগুলোর মধ্যে রয়েছে- সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ, সুপ্রিম কোর্ট সচিবালয়, জাতীয় মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ এবং দুর্নীতি দমন কমিশন-সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়াদি। বিরোধীদের অভিযোগ, যেসব আইন সরকারের জবাবদিহিতা নিশ্চিত করত, সেগুলোই ইচ্ছাকৃতভাবে বাদ দেয়া হয়েছে।
জুলাই অভ্যুত্থানের চেতনা বনাম বাস্তবতা
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জুলাই গণ-অভ্যুত্থান দেশে একটি মৌলিক সংস্কারের আকাক্সক্ষা তৈরি করেছিল। সেই প্রেক্ষাপটে গঠিত বিভিন্ন কমিশন ও আলোচনার মাধ্যমে প্রণীত জুলাই জাতীয় সনদে বহু রাজনৈতিক দল স্বাক্ষরও করে। এর মূল লক্ষ্য ছিল- ভবিষ্যতে যেন আর কোনো কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত না হতে পারে।
কিন্তু সমালোচকদের মতে, বিএনপির বর্তমান অবস্থান সেই লক্ষ্যকে দুর্বল করছে। তারা অভিযোগ করেন, নির্বাচনের আগে গণভোটের পক্ষে থাকলেও সংসদে শপথ নেয়ার পর বিএনপি সেই অবস্থান থেকে সরে এসেছে, যা সংস্কার প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে।
বিরোধীদলগুলোর প্রতিক্রিয়া
বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জনস্বার্থভিত্তিক ঐকমত্য তৈরি হয়েছিল, বিএনপি সেখান থেকে সরে এসেছে। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর মতে, বিএনপি সংখ্যাগরিষ্ঠতার জোরে একধরনের একদলীয় শাসনের দিকে এগোচ্ছে। প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে আন্দোলনই একমাত্র পথ হবে বলেও তিনি সতর্ক করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা গাজী আতাউর রহমান বলেন, বিএনপি সংস্কারের ক্ষেত্রে তাদের ঘোষিত অবস্থান থেকে বিচ্যুত হচ্ছে, তবে তার দল এখনো আন্দোলনে না গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চায়। গণসংহতি আন্দোলনের আবুল হাসান রুবেল বলেন, জুলাই সনদে যেসব মৌলিক সংস্কারে ঐকমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়ন জরুরি।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, দুই-তৃতীয়াংশ আসন পাওয়ার পর বিএনপি গণভোটের রায় উপেক্ষা করছে এবং নানা অজুহাতে সংস্কার বিলম্বিত করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজন হলে রাজপথে আন্দোলন জোরদার করা হবে।
বিএনপির অবস্থান ও দাবি
বিএনপি নেতারা দাবি করছেন, নির্বাচনের আগে ঘোষিত ‘৩১ দফা’ সংস্কার রূপরেখা বাস্তবায়নই সরকারের মূল লক্ষ্য। সরকারের দুই মাস পূর্তিতে জানানো হয়েছে, প্রায় ৬০টি সংস্কার উদ্যোগের প্রাথমিক কাজ শুরু হয়েছে। এর মধ্যে পুলিশ সংস্কার, দুর্নীতি দমনে জিরো টলারেন্স, এনবিআর সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, উচ্চ আদালতে বিচারক নিয়োগে স্থায়ী আইন প্রণয়ন, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা উল্লেখযোগ্য।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা শুধু সংস্কারের কথা বলছি না, তা বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। পর্যায়ক্রমে জুলাই সনদের সব অঙ্গীকার বাস্তবায়ন করা হবে।’
চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ অনিশ্চয়তা
বিশ্লেষকদের মতে, বিএনপি সরকারকে সংস্কার বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। উচ্চ মুদ্রাস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সঙ্কট, কর আহরণের সীমাবদ্ধতা, আমলাতান্ত্রিক জটিলতা, দীর্ঘদিনের দলীয়করণ, রাজনৈতিক প্রতিহিংসা এবং মিত্রদের সাথে সমন্বয়হীনতা- এসবই বড় প্রতিবন্ধক হিসেবে দেখা দিচ্ছে। পাশাপাশি মব জাস্টিস প্রবণতা নিয়ন্ত্রণ এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ ও বিচার প্রক্রিয়াও একটি সংবেদনশীল ইস্যু হিসেবে রয়ে গেছে।
রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, দেশের জনগণের রাজনৈতিক মনস্তত্ত্বে বড় পরিবর্তন এসেছে; তারা পুরনো ক্ষমতার ধারা দেখতে চায় না, বরং কার্যকর সংস্কার চায়। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো: হাছান উদ্দীনও একই সুরে বলেন, বিএনপি তাদের ইশতেহারে বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ, নির্বাচন ব্যবস্থা ও স্থানীয় সরকার- এই পাঁচটি স্তম্ভে সংস্কারের কথা বলেছে। তবে বাস্তবায়নই এখন বড় প্রশ্ন।
রাজনৈতিক বিশ্লেষক দিলারা চৌধুরী আরো কঠোর সমালোচনা করে বলেন, অতীতের মতোই প্রতিশ্রুতি ও বাস্তবতার মধ্যে ফারাক থেকে গেলে তা জনগণের সাথে এক ধরনের প্রতারণা হিসেবে বিবেচিত হবে। তার মতে, গুরুত্বপূর্ণ অনেক প্রাতিষ্ঠানিক সংস্কার- যেমন গুম প্রতিরোধ, মানবাধিকার, দুদক ও বিচার বিভাগ বাতিল বা স্থগিত হওয়ায় সংস্কার প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সার্বিক মূল্যায়ন
বর্তমান প্রেক্ষাপটে স্পষ্ট যে, দেশের সংস্কার প্রশ্নটি শুধু রাজনৈতিক বিতর্ক নয়- এটি রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো নির্ধারণের একটি নির্ণায়ক ইস্যুতে পরিণত হয়েছে। বিএনপি সরকার ধাপে ধাপে সংস্কারের প্রতিশ্রুতি দিলেও বিরোধী শিবিরের অবিশ্বাস ও চাপ ক্রমেই বাড়ছে। ফলে সংস্কারের গতি, বিশ্বাসযোগ্যতা এবং বাস্তব ফলাফল- এই তিনটি বিষয়ই আগামী দিনের রাজনৈতিক স্থিতিশীলতা নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করবে।



