দ্য ডন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের দেশজুড়ে অভিবাসনবিরোধী অভিযান জোরদারের মধ্যে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) গত মাসে প্রায় ৫১ হাজার মানুষকে আটক করেছে। সংস্থাটির ইতিহাসে এক মাসে এটি সর্বোচ্চসংখ্যক আটক।
আইসিই প্রকাশিত তথ্য ও মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে প্রতিদিন গড়ে প্রায় এক হাজার ৬৪৫ জনকে আটক করেছে সংস্থাটি। এর আগে এক মাসে সর্বোচ্চ গ্রেফতারের রেকর্ড ছিল জুনে, প্রায় ৪৩ হাজার। ফলে টানা দুই মাসে নতুন রেকর্ড তৈরি হলো। দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন প্রয়োগের অভিযান আরো জোরদার করেছেন। যুক্তরাষ্ট্রে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসকারীদের শনাক্ত করে বহিষ্কারের লক্ষ্যে বিভিন্ন ফেডারেল সংস্থাকে অভিযান বাড়ানোর নির্দেশ দিয়েছে তার প্রশাসন। দেশটির বিভিন্ন এলাকায় এই অভিযান জোরদার করা হয়েছে। জর্জিয়ায় বিশেষ অভিবাসনবিরোধী অভিযানে এক হাজার ২২৬ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া গত মাসে বিমানবন্দরগুলো থেকেও ৩০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে।



