হজ ও কোরবানির মূল শিক্ষা হলো আত্মশুদ্ধি ও তাকওয়া : মুফতি নূর হোসাইন

Printed Edition

এস জেড এইচ এম ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘আলোর পথে’র ব্যবস্থাপনায় মাসিক মহিলা মাহফিল গত শনিবার ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মুফতি মুহাম্মদ নূর হোসাইন।

‘পবিত্র হজ ও কোরবানির আধ্যাত্মিক তাৎপর্য’ শীর্ষক আলোচনায় ড. নূর হোসাইন বলেন, ‘ইসলামে হজ ও কোরবানি কেবল বাহ্যিক ইবাদত নয়, বরং এর গভীরে রয়েছে নিগূঢ় আধ্যাত্মিক শিক্ষা। তাসাওউফের দৃষ্টিতে হজ হলো আত্মশুদ্ধি, আল্লাহর দিকে প্রত্যাবর্তন এবং অহংকার বিসর্জনের এক মহান সফর। একইভাবে কোরবানি হলো আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সবচেয়ে প্রিয় বস্তু ত্যাগের এক অনন্য পাঠ।’

তিনি আরো উল্লেখ করেন যে, আল্লাহ কোরবানির পশুর রক্ত বা গোশত গ্রহণ করেন না, বরং তিনি বান্দার তাকওয়া, নিষ্ঠা ও বিশুদ্ধ অন্তরের পরীক্ষা নেন। আরাফাত ময়দানের অবস্থান মানুষকে কিয়ামতের কঠিন দিনের কথা স্মরণ করিয়ে দেয়, যা বান্দাকে ভুলত্রুটি সংশোধন করে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ করে দেয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মাশরেখা সুলতানা মুক্তা। সানজিদা ইসলাম ও উম্মে সায়মা সাদিয়ার সঞ্চালনায় মাহফিলের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন সিদরাতুল মুনতাহা। এ ছাড়া নাতে রাসূল (দ:) পরিবেশন করেন তাসনিয়া ইসলাম এবং মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন মিফতাহুল জান্নাত। বিজ্ঞপ্তি।