রয়টার্স
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রতিশোধমূলক কার্যক্রমের ওপর রিপোর্ট এবং প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার বিতর্কিত ভূমিকা নিয়ে অনুসন্ধানের জন্য এ বছর (২০২৬ সাল) দু’টি বিভাগে সম্মানজনক পুলিৎজার পুরস্কার জিতেছে বার্তা সংস্থা রয়টার্স। ‘ন্যাশনাল রিপোর্টিং’ বিভাগে ট্রাম্পের রাজনৈতিক কার্যক্রম এবং ‘বিট রিপোর্টিং’ বিভাগে শিশু ও ব্যবহারকারীদের ক্ষতিকর এআই চ্যাটবট ও প্রতারণামূলক বিজ্ঞাপনের সংস্পর্শে আনায় মেটার ভূমিকা নিয়ে প্রতিবেদনের জন্য রয়টার্স এই সাফল্য অর্জন করেছে।
গত সোমবার কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড এ বছরের বিজয়ীদের নাম ঘোষণা করে। ১৯১৭ সাল থেকে চালু হওয়া এই পুরস্কার সাংবাদিকতার পাশাপাশি সাহিত্য, সঙ্গীত ও নাটকেও দেয়া হয়। এ বছর নিউ ইয়র্ক টাইমস তিনটি বিভাগে পুরস্কার জিতেছে। ট্রাম্প ও তার পরিবারের ক্ষমতা ব্যবহারের মাধ্যমে লাভবান হওয়ার ঘটনা নিয়ে রিপোর্টর জন্য ‘অনুসন্ধানী সাংবাদিকতা’, মতামতধর্মী লেখার জন্য এম গেসেন এবং ব্রেকিং নিউজ ফটোগ্রাফিতে সাহের আলঘোরা এই স্বীকৃতি পেয়েছেন। অন্য দিকে ফেডারেল প্রতিষ্ঠানগুলোয় ট্রাম্প প্রশাসন ও ধনকুবের ইলন মাস্কের ব্যাপক কাটছাঁট নিয়ে রিপোর্ট করে ‘পাবলিক সার্ভিস’ বিভাগে পুরস্কার জিতেছে ওয়াশিংটন পোস্ট। সংস্থাটির জাহি চিকেওয়েনদু ‘ফিচার ফটোগ্রাফি’ বিভাগেও পুরস্কার পেয়েছেন। ব্রেকিং নিউজ রিপোর্টিং বিভাগে মিনেসোটা স্টার ট্রিবিউনের কর্মীরা এবং বিশ্লেষণধর্মী বিভাগে সান ফ্রান্সিসকো ক্রনিকলের তিন সাংবাদিক- সুশি নেইলসেন, মেগান ফ্যান মিউনি ও সারা ডিনাটালে পুলিৎজার জিতেছেন।



