শিশুসাহিত্যিক আমীরুল ইসলামের ইন্তেকাল

Printed Edition
শিশুসাহিত্যিক আমীরুল ইসলামের ইন্তেকাল
শিশুসাহিত্যিক আমীরুল ইসলামের ইন্তেকাল

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ও একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনিসহ নানা জটিল রোগে ভুগছিলেন।

১৯৬৪ সালের ৭ এপ্রিল ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন আমীরুল ইসলাম। শিশুসাহিত্যে অনন্য অবদানের জন্য তিনি ২০০৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। এ ছাড়া অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কারসহ দেশ-বিদেশের অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিন শতাধিক। সাহিত্যচর্চার পাশাপাশি তিনি বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল আই’-এর শুরু থেকেই অনুষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি বিশ্বসাহিত্য কেন্দ্রের ‘আসন্ন’ পত্রিকা সম্পাদনাসহ বাংলা একাডেমির ফেলো ও মুক্তিযুদ্ধ জাদুঘরের স্থাপনা সদস্য ছিলেন।

চিরকুমার এই লেখকের লাশ গতকাল বাদ জুমা প্রিয় কর্মস্থল চ্যানেল আই প্রাঙ্গণ, বিকেল ৩টায় বাংলা একাডেমি এবং পরবর্তীতে বিশ্বসাহিত্য কেন্দ্রে নিয়ে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য রাখা হয়। তিন দফা নামাজে জানাজা শেষে তার অসিয়ত অনুযায়ী বিকেলে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মায়ের কবরে তাকে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।