আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

সক্ষম যুবকদের ২৫ লাখ হেপাটাইটিসে আক্রান্ত

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস। বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হবে। বাংলাদেশে কর্মক্ষম ১৮ থেকে ৩০ বছরের যুবক-যুবতীদের একটি বিশাল অংশ হেপাটাইটিসের বিভিন্ন ভাইরাসে আক্রান্ত, এদের সংখ্যা প্রায় ২৫ লাখ। অন্য দিকে মোট জনসংখ্যার মধ্যে প্রায় এক কোটি মানুষ হেপাটাইসের বিভিন্ন ভাইরাসে আক্রান্ত হয়ে কর্মক্ষমতা হারিয়ে ফেলছে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন। সরকারি ও বেসরকারিভাবে দিবসটি পালন করা হবে।

হেপাটাইটিস ভাইরাসের মধ্যে মানুষ সবচেয়ে বেশি হেপাটাইটিস ‘বি’ ও হেপাটাইটিস ‘সি’তে আক্রান্ত হয়ে থাকে। সর্বশেষ গবেষণা অনুযায়ী, বাংলাদেশে হেপাটাইটিস ‘বি’ ভাইরাসে প্রায় ৮৫ লাখ এবং বাকিরা হেপাটাইটিস সি, ই, এবং এ দ্বারা আক্রান্ত। গবেষণা অনুযায়ী মোট জনসংখ্যার ৫.১ শতাংশ বি ভাইরাসে ও ০.২ শতাংশ সি ভাইরাসে আক্রান্ত।

গবেষকরা জানিয়েছেন, আক্রান্তদের ৯৫ শতাংশই জানে না যে, তারা ঘাতক ব্যাধি হেপাটাইটিসে আক্রান্ত হয়েছেন। শেষ মুহূর্তে অসুস্থতায় কাবু হয়ে গেলে কেবল তখনই তারা চিকিৎসকের কাছে যান এবং জানতে পারেন। হেপাটাইটিসের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি আজ (২৮ জুলাই) বিশ্বব্যাপী একযোগে দিবসটি পালন করা হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘চলো এই বাধা ভেঙে ফেলি’। বাধা বলতে আর্থিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক বাধা বুঝানো হয়েছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, হেপাটাইটিস দ্বারা লিভার ক্যান্সার হয়ে গেলে বায়োপসি করে জানা যায়। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পয়োঃব্যবস্থাপনার অভাবে মল ছড়িয়ে পড়লে মানুষ হেপাটাইটিস এ ও সি দ্বারা আক্রান্ত হয়। বাংলাদেশে গর্ভবতী মায়েদের ২৫ থেকে ৩০ শতাংশের মৃত্যু হয় হেপাটাইটিসের কারণে। গর্ভাবস্থায় লিভার অকেজো হয়ে তারা মারা যায়। আবার বি ভাইরাস মা থেকে সন্তানের মধ্যে চলে যায়। গর্ভাবস্থায় মাকে ভ্যাকসিন দেয়া হলে তা প্রতিরোধ করা যায়। আবার জন্মের ১২ ঘণ্টার মধ্যে ভ্যাকসিন দেয়া হলেও সন্তান হেপাটাইটিস মুক্ত থাকবে।