গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনায় সম্মত নয় নেতানিয়াহু

Printed Edition

আনাদোলু ও আলজাজিরা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত ‘বোর্ড অব পিস’-এর প্রস্তাবিত পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ প্রত্যাখ্যান করেছে ইসরাইল। নেতানিয়াহুর দাবি, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহারের কোনো সুযোগ নেই।

বোর্ড অব পিসের প্রধান প্রতিনিধি নিকোলাই ম্লাদেনভের সাথে বৈঠকের পর নেতানিয়াহু বলেন, গাজার পুনর্গঠন শুরু হওয়ার আগে হামাসকে সম্পূর্ণ অস্ত্রমুক্ত করতে হবে এবং পুরো গাজা উপত্যকাকে সামরিকীকরণমুক্ত করতে হবে। গত সপ্তাহে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, হামাসের সাথে একটি ‘ঐতিহাসিক’ সমঝোতায় পৌঁছানো হয়েছে। সেই পরিকল্পনায় ধাপে ধাপে হামাসের অস্ত্র সমর্পণ এবং একই সাথে গাজা থেকে ইসরাইলি বাহিনীর পর্যায়ক্রমিক প্রত্যাহারের কথা বলা হয়েছিল। আলজাজিরার হাতে আসা খসড়ায় উল্লেখ ছিল, আন্তর্জাতিক তত্ত্বাবধানে নিরস্ত্রীকরণ যত এগোবে, ইসরাইলি সেনাও তত ধাপে ধাপে গাজা ছাড়বে।

তবে ইসরাইলের আপত্তির পর বোর্ড অব পিস তাদের অবস্থান পরিবর্তন করেছে। সংস্থাটি এখন বলছে, হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ শেষ হওয়ার পরই কেবল ইসরাইলি বাহিনী গাজা থেকে প্রত্যাহার শুরু করবে। বোর্ড অব পিসের পরিচালক নিকোলাই ম্লাদেনভ নেতানিয়াহুর সাথে বৈঠকের পর বলেন, গাজার নিয়ন্ত্রণরেখা হিসেবে পরিচিত ‘ইয়েলো লাইন’ থেকে ইসরাইলি সেনারা তখনই সরে যাবে, যখন হামাসের সব ধরনের অস্ত্র-হালকা অস্ত্র, ভারী অস্ত্র, ক্ষেপণাস্ত্র এবং সুড়ঙ্গ নেটওয়ার্ক-সম্পূর্ণভাবে বিলুপ্ত হবে। তার ভাষ্য, নিরস্ত্রীকরণের ক্ষেত্রে কোনো ব্যতিক্রম রাখা হবে না।

অন্য দিকে হামাসের অবস্থান ভিন্ন। সংগঠনটি জানিয়েছে, ইসরাইল গাজা থেকে সেনা প্রত্যাহার, যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং পুনর্গঠন কার্যক্রমে অগ্রগতি না ঘটালে তারা নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার কোনো ধাপ বাস্তবায়ন করবে না। হামাসের মতে, ইসরাইল নিজস্ব প্রতিশ্রুতি পূরণ করলেই কেবল চুক্তির অন্যান্য অংশ কার্যকর হতে পারে।