চট্টগ্রাম ব্যুরো
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, একটি টেকসই ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনের জন্য সর্বাগ্রে প্রয়োজন দক্ষ, নৈতিক ও দায়িত্বশীল মানবসম্পদ। তিনি বলেন, কেবল জনসংখ্যা নয়; সুশিক্ষা, চরিত্র গঠন ও পেশাগত দক্ষতার সমন্বয়ই একটি জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। সোমবার রাতে চট্টগ্রাম মহানগরীর মিলনায়তনে মানবসম্পদ বিভাগের উদ্যোগে আয়োজিত থানা ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনের সভাপতিত্বে এবং আমান উল্লাহ আমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ। এ সময় চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী সংগঠনের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরো সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ছাত্র প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সভাপতি সিফাত উল্লাহ রায়হান, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি খুররম মুরাদ, মহানগর দক্ষিণের সেক্রেটারি রাকিবুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি মুহাম্মদ পারভেজ মোশাররফ প্রমুখ। এতে আরো বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আতাহার উদ্দিন, মামুনুর রশিদসহ অন্যান্য নেতা। এ ছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল হান্নান চৌধুরী, ড. আবুল কালাম আজাদ, শফিউল আলমসহ মহিলা ও ছাত্রী নেতৃবৃন্দ এবং থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন বিভাগের দায়িত্বশীলরা।



