কর্নেল (অব:) আকবর হোসেন বীরপ্রতীক

Printed Edition

বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী কর্নেল (অব:) আকবর হোসেন বীরপ্রতীকের ২০তম মৃত্যুবার্ষিকী আজ (২৫ জুন)। ২০০৬ সালের এই দিনে নৌপরিবহন মন্ত্রীর দায়িত্বে থাকাকালীন তিনি মৃত্যুবরণ করেন। ১৯৪১ সালের ১৮ জানুয়ারি জন্মগ্রহণকারী এই বীর মুক্তিযোদ্ধা পাঁচবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন এবং বিভিন্ন মেয়াদে নৌপরিবহন, পরিবেশ ও বন এবং পেট্রোলিয়াম ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লা ও মনোহরগঞ্জে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- বিকেল সাড়ে ৫টায় কুমিল্লা জেলা বিএনপি কার্যালয়ে স্মরণসভা এবং বাদ মাগরিব কান্দিরপাড় জামে মসজিদে দোয়া মাহফিল। মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে চিতষী শরিফপুর গ্রামে মরহুমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও সংলগ্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। এ ছাড়া পরিবারের পক্ষ থেকে কুমিল্লা সংরাইশ সালেহা উচ্চবিদ্যালয়ে কুরআনখানি, দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেনাবাহিনী থেকে অবসর নিয়ে ১৯৭৪ সালে ইউপিপি গঠনের মাধ্যমে আকবর হোসেন রাজনীতিতে যুক্ত হন। পরবর্তীতে ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজনৈতিক জীবনে তিনি বিএনপির যুগ্ম মহাসচিব, সহসভাপতি এবং মৃত্যুর আগ পর্যন্ত কুমিল্লা জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করেন।

তিনি ফারাক্কা বাঁধ, তিন বিঘা করিডোর ও চাকমা সমস্যা সমাধান কমিটির সদস্য এবং জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য ছিলেন। তিনি বুলবুল ললিতকলা অ্যাকাডেমি (বাফা) প্রতিষ্ঠা করেন, ‘অবুঝ মন’ ও ‘সোনার কাজল’ চলচ্চিত্র নির্মাণ করেন এবং ‘ভিক্ষুক কোনদিন বড়লোক হয় না, গরিব বড়লোক হয়’ ও ‘শহীদ জিয়া ও আমি’ শীর্ষক গ্রন্থ রচনা করেন। এ ছাড়া তিনি মুক্তিযোদ্ধা সংসদের প্রধান উপদেষ্টার দায়িত্বও পালন করেন। বিজ্ঞপ্তি।