সাউথইস্ট ইউনিভার্সিটির আইইইই (ওঊঊঊ) স্টুডেন্ট ব্রাঞ্চের উদ্যোগে আয়োজিত দু’দিনব্যাপী বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণাবিষয়ক জাতীয় আয়োজন ‘রিঅ্যাক্ট ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার সাউথইস্ট ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান রেজাউল করিম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রযুক্তিগত উৎকর্ষতার বিকল্প নেই। যারা বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন তাদেরকে তিনি সাধুবাদ জানানোর পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে প্রযুক্তির উন্নয়নে ভূমিকা রাখতে নিরলস কাজ করে যেতে আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে রেজাউল করিম প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদেরকে খুদে বিজ্ঞানী অভিহিত করে দেশের প্রযুক্তিগত উন্নয়নে কাজ করে যেতে উৎসাহিত করেন। তিনি এই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা আয়োজনের জন্য আইইই সাউথইস্ট ইউনিভার্সিটি ব্রাঞ্চকে ধন্যবাদ জানান। গবেষণা, প্রকৌশল, অটোমেশন, কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রে শিক্ষার্থী, তরুণ উদ্ভাবক ও গবেষকদের একই মঞ্চে নিয়ে আসার লক্ষ্যে এই উৎসবের আয়োজন করা হয়। সাউথইস্ট ইউনিভার্সিটির প্রো-ভিসি অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি।



