ক্রীড়া প্রতিবেদক
২৪-২৬ অক্টোবর ভারতের রাঁচিতে অনুষ্ঠিত হয়েছিল চতুর্থ সাফ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। এতে বাংলাদেশ রিলে ইভেন্টে তিনটি ব্রোঞ্জ পদক জয় করে। গতকাল বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন পদক জয়ী অ্যাথলেটদের অর্থ পুরস্কার দেয়। প্রতি পদকের জন্য এক লাখ টাকা করে পুরস্কার। পুরুষদের ১০০ মিটার রিলেতে ব্রোঞ্জ পদক পান মো: ইসমাইল, তারেক রহমান, আবদুল মোতালেব ও লুসাদ ইসলাম। পুরুষদের ৪০০ মিটার রিলেতে বাংলাদেশকে তৃতীয় স্থান পাইয়ে দেন মাসুদ রানা, তারেক রহমান, নাজিমুল হোসেন ও লুসাদ ইসলাম। এ ছাড়া নারীদের ৪০০ মিটার রিলেতে শারিফা খাতুন, বর্ষা খাতুন, সুমাইয়া দেওয়ান ও নুসরাত জাহান রুনা ব্রোঞ্জ পদক পান। দুই ইভেন্টে পদক জয়ী হওয়ায় তারেক ও লুসাদ ২৫ হাজার করে ৫০ হাজার টাকা পাচ্ছেন। অন্যদের ভাণ্ডারে জমা হচ্ছে ২৫ হাজার টাকা করে। এ দিকে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের আর্থিক সহায়তায় ১০ ডিসেম্বর থেকে দেশে শুরু হচ্ছে কিডস অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। এতে ৪ থেকে ১৪ বছর পর্যন্ত অ্যাথলেটদের তিন দিনব্যাপী প্রতিযোগিতা হবে। ১০-১৬ ডিসেম্বর যশোরে, ২০-২৪ ডিসেম্বর সুনামগঞ্জে, ২৭-৩১ ডিসেম্বর জামালগঞ্জে ৫-৯ জানুয়ারী রাঙ্গামাটি এবং ২১-২৫ জানুয়ারি শেরপুরের ঝিনাইগাতিতে হবে এই আয়োজন।
এ জন্য ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ৩০ হাজার ডলার দিচ্ছে। ফেডারেশন ব্যয় করছে ১৫ লাখ টাকা।



