নয়া দিগন্ত ডেস্ক
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এবং চট্টগ্রাম-কাপ্তাই সড়কে পৃথক দুর্ঘটনায় সাবেক সেনাসদস্য ও দুই ছাত্র নিহত হয়েছেন।
রামু (কক্সবাজার) সংবাদদাতা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর চা-বাগান এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত হয়েছেন।
গত মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান এলাকার একটি সিএনজি ফিলিং স্টেশনের কাছে অজ্ঞাত একটি যানবাহনের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মো: ফরিদ (৪৫) স্থানীয়ভাবে ‘আর্মি ফরিদ’ নামে পরিচিত এবং তিন বছর আগে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর নেন তার বাবা মরহুম মো: কালুও একজন সাবেক সেনাসদস্য। ফরিদ জোয়ারিয়ানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইলিশিয়াপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক প্রয়োজনে টাকা উত্তোলনের জন্য তিনি রামুতে একটি এটিএম বুথে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন।
খবর পেয়ে রামু হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে দুর্ঘটনায় জড়িত যানবাহনটি শনাক্ত করা সম্ভব হয়নি।
রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ায় শ্যামলী পরিবহন বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ১০টায় চন্দ্রঘোনা কাটাখালী তক্তারপোল এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
জানা যায়, কাপ্তাই থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস কাটাখালী পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি সড়ক থেকে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে গিয়ে মাদরাসাছাত্র আবু সুফিয়ান আরমান (১৮) নামে একজন ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহতাবস্থায় আকিবকে (১৬) উদ্ধার করে প্রথমে রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালে, পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। তাদের দু’জনের বাড়ি উপজেলার আলমশাহ পাড়া-রাজারহাট সড়ক এলাকায়। দুর্ঘটনাকবলিত দু’টি যানবাহন রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ জব্দ করেছে।



