গুলশানে অস্ত্রসহ ২ যুবক গ্রেফতার

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশান এলাকায় নিয়মিত তল্লাশির সময় পুলিশের চেকপোস্ট দেখে পালানো সময় একটি বিদেশী পিস্তল ও গুলিসহ মো: রাসেল সিকদার ওরফে কিলার রাসেল (২৫) ও মো: মহিউদ্দিন (২২) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে গুলশান থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার আলী আহমেদ মাসুদ। পুলিশ জানায়, অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে আরো দু’জন পালিয়ে যান।

সহকারী পুলিশ কমিশনার আলী আহমেদ মাসুদ জানান, রোববার গুলশানের শাহজাদপুর বেলমণ্ড গলির গুলশান আইডিয়াল স্কুলসংলগ্ন এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় কয়েকজন যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের দেহ তল্লাশির উদ্যোগ নেয়। তল্লাশির মুখে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে দু’জনকে আটক করে। তবে তাদের অন্য দুই সহযোগী একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়।

আটকের পর রাসেল সিকদারকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করেন। পরে তার কোমর থেকে একটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। এ ছাড়া তাদের কাছ থেকে দু’টি মোবাইল ফোন এবং ফেলে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পুলিশকে জানান, তাদের বন্ধু মহিউদ্দিনের বান্ধবী হাবিবা আক্তার শিমুকে এক ব্যক্তি বিরক্ত করছিলেন। ওই ব্যক্তিকে ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যেই তারা অবৈধ অস্ত্র ও গুলি নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। এ ঘটনায় গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মারুফ আহমেদ বাদি হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। পালিয়ে যাওয়া বাকি দুই আসামিকে শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।