নয়া দিগন্ত ডেস্ক
সাভারে ১৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী কালা বাবুলের লাশ উদ্ধার করেছে পুলিশ। রাজশাহীর চারঘাটায় শিশু ধর্ষণের ঘটনায় এক যুবককে আটক করেছে র্যাব।
সাভার (ঢাকা) সংবাদদাতা জানান, সাভারে আন্ডারওয়ার্ল্ডের আলোচিত শীর্ষ সন্ত্রাসী হত্যাসহ প্রায় ১৮টি মামলায় আসামি বাবুল ওরফে কানা বাবুলের (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। কানা বাবুল সাভারের দিলখুশাবাগের মরহুম কোরবান আলীর ছেলে। সাভার মডেল থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ বৃহস্পতিবার দুপুরে জানান, ফাঁস দেয়াবস্থায় তার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, তার বিরুদ্ধে একাধীন মামলা রয়েছে। এর আগে বুধবার রাত ১০টায় প্রতিবেশীরা দরজা ভেঙে তার বাসা থেকে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে রাত ১২টায় তার লাশ উদ্ধার করে। সম্প্রতি দীর্ঘ ৪ বছর হাজত বাসের পর জামিনে মুক্তি পান তিনি।
একটি সূত্র জানায়, ২৪ আগস্ট ২০২২ সালে সাভার বাসস্ট্যান্ডের অভিজাত সুপার মার্কেট রাজ্জাক প্লাজার নাইট গার্ড আনোয়ার হোসেনকে হত্যাসহ ডাকাতি, ছিনতাই, মাদকসহ প্রায় ১৮ মামলা রয়েছে তার বিরুদ্ধে।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীর চারঘাট উপজেলায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার মাত্র ৮ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। গ্রেফতারকৃত যুবকের নাম দেব চন্দ্র দাস (২২)। বৃহস্পতিবার সকালে র্যাব-৫ রাজশাহী সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর মনজুরুল কবির সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চারঘাট উপজেলার আরজিসাদীপুর এলাকার বাসিন্দা দেব চন্দ্র দাস বুধবার তার প্রতিবেশী ৭ বছর বয়সী এক শিশুকে টিভি দেখানো ও খাবারের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে সে। এদিকে দীর্ঘক্ষণ সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন শিশুটির মা। একপর্যায়ে অভিযুক্ত দেব চন্দ্র দাসের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করেন তিনি। এ সময় শিশুটির কান্নাকাটির কারণ জানতে চাইলে ধর্ষণের বিষয়টি প্রকাশ্যে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য শিশুকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় বুধবার বিকেলেই ভুক্তভোগী শিশুর বাবা বাদি হয়ে চারঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দেব চন্দ্র দাসকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেন। মামলা দায়েরের পরপরই আসামিকে ধরতে সাঁড়াশি অভিযানে নামে রথ্যাব। বুধবার রাত সাড়ে ৩টার দিকে রাজশাহী নগরীর মতিহার থানা এলাকার একটি স্কুলের সামনে অভিযান চালিয়ে দেব চন্দ্র দাসকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে চারঘাট থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে সংবাদ সম্মেলনে র্যাবের পক্ষ থেকে আরো জানানো হয়, রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক এতিম শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া অপর একটি মামলার আসামিকে গ্রেফতারেও র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।



