প্রত্যেক শিশুর জন্য মাথাপিছু ৬১ হাজার টাকা দেবে চীন

Printed Edition

বিবিসি

জন্মহার বাড়াতে প্রত্যেক শিশুর জন্য মাথাপিছু বার্ষিক ৩ হাজার ৬০০ ইউয়ান (বাংলাদেশী মুদ্রায় ৬১ হাজার ৪৭৩ টাকা) প্রদানের ঘোষণা দিয়েছে চীনের কমিউনিস্ট সরকার। শিশুর জন্মের পর থেকে ৩ বছর বয়স পর্যন্ত প্রতি বছর পিতামাতাকে প্রদান করা হবে এই পরিমাণ অর্থ। অর্থাৎ এখন চীনে কোনো শিশু জন্ম নিলে আগামী ৩ বছরে সরকারের কাছ থেকে ওই শিশুর পিতামাতা পাবেন মোট ১০ হাজার ৮০০ ইউয়ান বা ১ লাখ ৮৪ হাজার ৪২০ টাকা। শিশুদের লালনপালনের জন্য দেয়া হবে এই অর্থ।

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভি সোমবার জানিয়েছে এ তথ্য। খবরে বলা হয়েছে, চলতি ২০২৫ সালের জানুয়ারির ১ তারিখ থেকে কার্যকর করা হয়েছে এই প্রকল্প। যেসব দম্পতি প্রকল্প শুরুর তারিখ থেকে এ পর্যন্ত সন্তানের জন্ম দিয়েছেন তাদেরকে সরকারের সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে। আরো বলা হয়েছে, ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত জন্ম নেয়া শিশুর জন্যও অর্থ পাবেন পিতামাতারা।

সরকারি কর্মকর্তারা আশা করছেন, নতুন এই প্রকল্পের মাধ্যমে চীনজুড়ে প্রায় ২ কোটি পরিবার উপকৃত হবেন। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি চীনের বিভিন্ন প্রাদেশিক ও স্থানীয় সরকারও জন্মহার বাড়াতে প্রণোদনা ঘোষণা করছে। চীনের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ লিয়াওনিংয়ের সরকার জানিয়েছে, প্রদেশে বসবাসরত যেসব দম্পতি সদ্য পিতামাতা হয়েছেন এবং যেসব দম্পতির সন্তানের বয়স তিন বছরের কম, তাদের প্রত্যেককে মাসে ৫০০ ইউয়ান করে ভাতা প্রদান করা হবে।