চট্টগ্রামে রাস্তায় মাছ ফেলে চাঁদাবাজির অভিনব প্রতিবাদ

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের রানী রাসমনি ঘাটে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন জেলে সম্প্রদায়ের সদস্যরা। বুধবার সকালে ঘাটসংলগ্ন সড়কে মাছ ফেলে এবং বরফ ও গ্যাস সিলিন্ডার রেখে প্রতিবাদ জানান তারা। এ সময় জেলেদের হাতে বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। রানী রাসমনি জেলে ইলিশ ঘাটের সর্বস্তরের জেলে, ব্যবসায়ী ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে অংশ নেয়া জেলেরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ঘাটে মাছ অবতরণ, নৌকা ভিড়ানো, জাল, রশি, বরফ, গ্যাস সিলিন্ডার এবং সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসার জন্য টাকা আদায় করা হচ্ছে।

খাস কালেকশনের নামে এসব অর্থ আদায়ের কারণে জেলে ও ক্ষুদ্র ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এতে তাদের দৈনন্দিন ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে।

বক্তারা বলেন, দেশের মৎস্য খাতের গুরুত্বপূর্ণ একটি ঘাট হওয়া সত্ত্বেও এখানে কর্মরত জেলেরা নানা ধরনের হয়রানি ও চাঁদাবাজির শিকার হচ্ছেন। প্রতিদিন মাছ নিয়ে ঘাটে আসার পর বিভিন্ন অজুহাতে তাদের কাছ থেকে টাকা নেয়া হয়। এ অবস্থায় অনেক জেলে লোকসানের মুখে পড়ছেন।

মানববন্ধনে জেলেরা অভিযোগ করেন, ঘাটে কর্মরত শ্রমিক, নৌকার মাঝি, মাছ ব্যবসায়ী এবং বিভিন্ন পণ্যসামগ্রীর ক্ষুদ্র বিক্রেতারাও একই ধরনের অবৈধ অর্থ আদায়ের শিকার হচ্ছেন। তারা অবিলম্বে এসব কার্যক্রম বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবি জানান।