নয়া দিগন্ত ডেস্ক
সড়ক দুর্ঘটনায় দিনাজপুরে নিহত হয়েছেন মা ও মেয়ে। এ ছাড়া মেহেরপুর ও জামালপুরে নিহত হয়েছেন আরো দুইজন।
দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুরের ঘোড়াঘাটে দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় প্রাণে বেঁচে গেছেন মোটরসাইকেল চালক বাবা।
শুক্রবার সকালে দিনাজপুর-বগুড়া মহাসড়কের ঘোড়াঘাটের সরদার ফিলিং স্টেশন কাছে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, স্বামী, স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় পেছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্ত্রী শম্পা বেগম ও মেয়ে নুছাইফা আক্তারের মৃত্যু হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত দু’জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে।মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুর শহরের মানিক টাওয়ারের সামনে নছিমন ও ইজিবাইকের সংঘর্ষে রোকেয়া খাতুন (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকেয়া খাতুন মেহেরপুর শহরের নতুনপাড়া এলাকার আবু মণ্ডলের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মানিক টাওয়ারের সামনে নছিমনের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনের যাত্রী রোকেয়া খাতুন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কর্মকর্তা হুমায়ুন বলেন, পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করছে। এ ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা জানান, জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। বৃহস্পতিবার রাতে উপজেলার শাহজাতপুর এলাকার (দেওয়ানগঞ্জ-জামালপুর) আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামছুদ্দিন আহমেদ রুবেল দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের পূর্ব কামারের চর এলাকার আব্দুল কদ্দুছের ছেলে। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী বাজারে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখা পরিচালনা করতেন। আহতরা হলেন, দেওয়ানগঞ্জের হাড়োয়া বাড়ি এলাকার জয়নাল আবেদিনের ছেলে নাজমুল হোসাইন (৪৫) ও ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ এলাকার রফিকুল ইসলামের ছেলে প্রাইভেট চালক মেহেদী হাসান (২৮)।
পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ থেকে জামালপুরগামী একটি প্রাইভেট কার মেলান্দহের শাহজাতপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা দেয়। এ সময় প্রাইভেট কারে থাকা চালক মেহেদী হাসান, যাত্রী নাজমুল হোসাইন ও শামছুদ্দিন আহমেদ রুবেল গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক শামছুদ্দিন আহমেদ রুবেলকে মৃত ঘোষণা করেন। আহত নাজমুল হোসাইন ও মেহেদী হাসানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা জানান, বেপরোয়া গতির কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১১টার দিকে হাঁসাড়া এলাকার মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এতে শিশু রোগীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনায় আহতরা হলেন, শিশু মানহা (১০ মাস), জ্যোতি (২৮), লাকি আক্তার (৪৫), হিরা (৪০) ও মশিউর রহমান (৪৫)।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় মাওয়ামুখী একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে উল্টে যায়। অ্যাম্বুলেন্সটি ঢাকা শিশু হাসপাতাল থেকে খুলনার উদ্দেশ্যে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে। তাৎক্ষণিকভাবে সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স থেকে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।



