ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষকে উৎসাহিত করতে প্রতিষ্ঠিত এ বি এম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশন বৃত্তি তহবিলের আওতায় ‘সেতারা মূসা বৃত্তি, ২০২৪-২০২৫’ প্রদান অনুষ্ঠান গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো: আবুল কালাম সরকার এবং ট্রাস্ট ফান্ডের দাতা পরিবারের সদস্য ব্যারিস্টার মো: আফতাব উদ্দিন। স্বাগত বক্তব্য দেন বাংলা বিভাগের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সোহানা মাহবুব এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল ইসলাম (সিরাজ সালেকীন)।
অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, কিংবদন্তি সাংবাদিক এ বি এম মূসা ছিলেন সত্যনিষ্ঠা, সাহস ও নৈতিকতার প্রতীক। অন্যায়ের সাথে কখনো আপস না করে তিনি আজীবন সত্যের পক্ষে অবস্থান নিয়েছেন। তার কর্ম ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। একইসাথে বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সেতারা মূসার স্মৃতিকে ধরে রাখতে প্রতিষ্ঠিত এই বৃত্তি তহবিল একটি প্রশংসনীয় উদ্যোগ বলে তিনি উল্লেখ করেন।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন নাইম সিরাজ, ফাবিহা বুশরা প্রিয়ন্তি, তনুজা বিশ্বাস প্রজ্ঞা, তাসনিয়া জাহান মুনমুন, নুসরাত জাহান সুবর্ণা, আনিকা তাবাসসুম, সাবিকুন নাহার, আনিবা তাসনীম, আলপনা আক্তার, সালমা বেগম ও আ: খালেক।
উল্লেখ্য, এ বি এম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশন বৃত্তি তহবিলের নীতিমালা অনুযায়ী প্রতি বছর বাংলা বিভাগে বিএ (সম্মান) পরীক্ষার বিভিন্ন বর্ষের ফলাফলের ভিত্তিতে পরবর্তী শ্রেণীতে অধ্যয়নরত সর্বোচ্চ ও দ্বিতীয় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের বিভাগীয় একাডেমিক কমিটির সুপারিশক্রমে এই বৃত্তি প্রদান করা হয়। এম এ শ্রেণীতে অধ্যয়নরত সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীকে এককালীন ২০ হাজার টাকা এবং দ্বিতীয় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থী ১০ হাজার টাকা দেয়া হয়। এ ছাড়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে পরবর্তী বর্ষে অধ্যয়নরত সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী প্রত্যেককে ১৫ হাজার টাকা এবং দ্বিতীয় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী প্রত্যেককে ১০ হাজার টাকা করে বৃত্তি দেয়া হয়। বিজ্ঞপ্তি।



