রাজধানীতে ৩ জনের লাশ উদ্ধার

বৃদ্ধাকে গলা কেটে হত্যা

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহবাগ থানাধীন আনন্দ বাজার ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে অমর একুশে হলের পাশে ফুটপাথ থেকে অজ্ঞাত (৬০) ও অজ্ঞাত (৫০) এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে এক একজনের লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা নিহত তিনজনই ভবঘুরে ছিলেন। ধারণা করা হচ্ছে, টানা বৃষ্টি ও অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে আনন্দবাজার এলাকা থেকে অচেতন অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের দু’জনকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মামুন জানান, রোববার সকালে সকাল সাড়ে ১০টার দিকে আনন্দবাজার অমর একুশে হলের পাশে রাস্তার উপরে অচেতন অবস্থায় দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখি। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়েগেলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, আমরা আশপাশের লোকের মুখে জানতে পারি দুই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিল ওই এলাকায়ই থাকত। ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণেই তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

অপর দিকে রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগের পেছন থেকে অজ্ঞাত (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে হাসপাতালে ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক। তিনি জানান, সকালে জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মোহাম্মদ আইয়ুব আলী এর মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করি। তার নাম পরিচয় এখনো জানা যায়নি। কি কারণে মারা গেছে তা ময়নাতদন্তের প্রতিবেদন রিপোর্ট পেলে জানা যাবে।

বৃদ্ধাকে গলাকেটে হত্যা

রাজধানীর যাত্রাবাড়ী থানার দনিয়া এলাকার একটি বাসায় শাহিদা বেগম (৬৮) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তার ঘরে ঢুকে তাকে হত্যার পর মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বলছে, এটি ডাকাতির ঘটনা কি না- তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, দনিয়া এলাকার অনাবিল হাসপাতাল রোডের নির্মাণাধীন একটি ভবনের সপ্তম তলার পশ্চিম পাশের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন শাহিদা বেগম। প্রাথমিক তথ্য অনুযায়ী, অজ্ঞাত দুর্বৃত্তরা বাসায় প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করে। পরে বাসা থেকে স্বর্ণের দুই সেট কানের দুল,একটি গলার চেইন এবং প্রায় পাঁচ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

নিহত শাহিদা বেগমের গ্রামে বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সীতলাই গ্রামে। তিনি মৃত শফিকুল ইসলাম সরকারের স্ত্রী। বর্তমান যাত্রাবাড়ী দনিয়ার অনাবিল হাসপাতাল রোড এলাকায় নির্মাণাধীন ভবনের সপ্তম তলার পশ্চিম পাশের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। গতকাল রোববার তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু জানান, শনিবার সন্ধ্যার পর থেকে যেকোনো সময় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। নিহত শাহিদা বেগমের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। বাসার ভেতরে জিনিসপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে। তবে এটি ডাকাতি বা লুটপাটের ঘটনা কি না- তা এখনই বলা যাচ্ছে না। ঘটনাস্থল থেকে সিআইডির ফরেনসিক টিম বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে।