রাষ্ট্রপতি নির্বাচন

আজ স্পিকারের সাথে সিইসির সাক্ষাৎ

Printed Edition

বিশেষ সংবাদদাতা

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সাথে আজ মঙ্গলবার আলোচনা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার নির্বাচন কমিশন (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

ইসি থেকে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সাথে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করবে।

এই বিষয়ে সংসদ সচিবালয়ে পাঠানো ইসি সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন পদত্যাগ করায় পদটি শূন্য হয়েছে। সংবিধানের বাধ্যবাধকতা অনুযায়ী পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এছাড়া ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ৫ ধারার বিধান অনুযায়ী, নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে স্পিকারের সাথে আলোচনা করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। এই আলোচনার জন্য স্পিকারের সাথে সিইসির সাক্ষাতের সময় নির্ধারণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

চিঠি থেকে আরো জানা যায়, বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে অন্য চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন। এছাড়াও সহায়তামূলক কর্মকর্তা হিসেবে ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এবং সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম স্পিকারের দফতরে উপস্থিত থাকবেন। এই সাক্ষাতের পরই ইসি কমিশনের সভার মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।