বেনাপোল (যশোর) সংবাদদাতা
ভারতের পেট্রাপোল বন্দর এলাকায় বাংলাদেশবিরোধী বিক্ষোভ সমাবেশ করেছে হিন্দুত্ববাদী সনাতনী ঐক্য পরিষদ। বাংলাদেশের ময়মনসিংহের ভালুকা উপজেলায় পোশাক কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে ও আগুন দিয়ে পুড়িয়ে হত্যার প্রতিবাদে গতকাল বুধবার তারা এই সমাবেশ করে। পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তীক চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন।
বিক্ষোভকারীরা বাংলাদেশ অভিমুখে লং মার্চ করার সময় ভারতীয় সীমান্তরর্ক্ষী বাহিনী বিএসএফ তাদের আটকে দেয়। পরে তারা সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে এবং বাংলাদেশের দিকে মাইক তাক করে উসকানিমূলক বিভিন্ন সেøাগান দেয়। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সর্তক অবস্থায় দেখা যায়।
পরে ভারতের বনগাঁর বাটার মোড নামক এলাকা হয়ে বনগাঁর হিন্দু নাগরিক ঐক্য মঞ্চ ও সনাতনী ঐক্য পরিষদের ব্যানারে আরেকটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সনাতনী ঐক্য পরিষদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। সমাবেশে ও মিছিলে বিজেপির এমএলএ অশোক কীর্তনীয়া, এমপি শান্তনু ঠাকুরসহ হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, শুনেছি বেনাপোলের ওপারে পেট্রাপোলে সনাতনী ঐক্য পরিষদের একটি জমায়েত হয়েছে। তবে বাংলাদেশবিরোধী কোনো বিক্ষোভ হয়েছে কি না- আমার জানা নেই।



