ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নতুন কৌশল নির্ধারণ করছে। জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যাশিত সাফল্য না পাওয়ার পর দলটি এখন তৃণমূল পর্যায়ে নিজেদের সংগঠন পুনর্গঠন এবং জনভিত্তি শক্তিশালী করার ওপর গুরুত্ব দিচ্ছে। দলটির নেতারা মনে করছেন, স্থানীয় সরকার নির্বাচনই হতে পারে তাদের জন্য রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর গুরুত্বপূর্ণ ক্ষেত্র।
২০২৬ সালের জাতীয় নির্বাচনে এনসিপি মাত্র ছয়টি আসনে জয়লাভ করে। এই ফলাফলকে দলটি বাস্তবতার একটি প্রতিফলন হিসেবে দেখছে। বিশ্লেষকদের মতে, আন্দোলনের শক্তিকে ভোটে রূপান্তর করা সহজ নয়, এ অভিজ্ঞতা থেকেই এনসিপি এখন কৌশলগতভাবে স্থানীয় পর্যায়ের রাজনীতিতে গুরুত্ব দিচ্ছে।
দলটির শীর্ষ নেতৃত্ব ইতোমধ্যে জানিয়েছে, তাদের মূল লক্ষ্য তৃণমূল সংগঠন শক্তিশালী করা। এ বিষয়ে এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিকভাবে শক্তিশালী হতে হলে স্থানীয় পর্যায়ে সংগঠন মজবুত করার বিকল্প নেই। স্থানীয় সরকার নির্বাচন জনগণের সরাসরি ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
স্থানীয় নির্বাচনকে সামনে রেখে এনসিপি এরই মধ্যে একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে এবং সিটি করপোরেশন থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত প্রার্থী দেয়ার পরিকল্পনা করছে। পাশাপাশি দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম জোরদারের মাধ্যমে প্রতিটি এলাকায় দলীয় উপস্থিতি নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে।
দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী জানিয়েছেন, এনসিপি স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছে। জোটের বাইরে থেকে নিজেদের শক্তি যাচাই করার জন্য এটিই সবচেয়ে উপযুক্ত সময়। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে পরিচ্ছন্ন ভাবমূর্তি, জনপ্রিয়তা এবং জনসম্পৃক্ততাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।
একই সাথে এনসিপি দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে। দলটির অভিযোগ, বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ নির্বাচন বিলম্বিত করার একটি কৌশল হতে পারে। এ পরিস্থিতিকে গণতান্ত্রিক চর্চার পরিপন্থী উল্লেখ করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়েছে তারা।
নির্বাচনের স্বচ্ছতা নিয়েও জোর দিচ্ছে এনসিপি। দলটির নেতারা বলেছেন, কোনো ধরনের কারচুপি বা অনিয়ম মেনে নেয়া হবে না। নাহিদ ইসলাম বলেন, বর্তমান ব্যবস্থায় প্রশাসনিক প্রভাব ও রাজনৈতিক হস্তক্ষেপ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ভোটাধিকার প্রশ্নবিদ্ধ হচ্ছে। তাই একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা জরুরি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকার নির্বাচন এনসিপির জন্য একটি পরীক্ষার ক্ষেত্র হিসেবে কাজ করবে। জাতীয় নির্বাচনে সীমিত সাফল্যের পর এই নির্বাচনই দলটির সাংগঠনিক সক্ষমতা যাচাই এবং জনপ্রিয়তা বৃদ্ধির সুযোগ তৈরি করবে।
তবে চ্যালেঞ্জও কম নয়। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক জানান, দলটির সংগঠন এখনো অনেক এলাকায় দুর্বল। এ ছাড়া অর্থনৈতিক ও লজিস্টিক সীমাবদ্ধতা এবং স্থানীয় রাজনীতিতে প্রতিষ্ঠিত দলগুলোর সাথে প্রতিযোগিতা করাও এনসিপির জন্য বড় বাধা হতে পারে।
এসব চ্যালেঞ্জ সত্ত্বেও এনসিপি আশাবাদী। দলটির নেতারা মনে করছেন, তরুণ ভোটার ও পরিবর্তন প্রত্যাশী জনগোষ্ঠীর একটি বড় অংশ বিকল্প রাজনৈতিক শক্তির সন্ধান করছে। সেই সুযোগ কাজে লাগিয়ে স্থানীয় সরকার নির্বাচনে ভালো ফল করার প্রত্যাশা করছে তারা।



