নয়া দিগন্ত ডেস্ক
সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামে এক কলেজছাত্রী এবং কুমিল্লার লাঙ্গল কোটে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম নগরের আগ্রাবাদের বারেক বিল্ডিং গোসাইল ডাঙ্গা এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির একটি প্রাইভেটকার দুর্ঘটনায় এক কলেজছাত্রী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা জানান, প্রাইভেটকারটিতে একজন যুবক ও ছাত্রী ছিলেন। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথেই তরুণী সামিয়া জাহান তানিশার মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামত ও একটি আইডি কার্ডের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তিনি চট্টগ্রামের হাজেরা-তজু ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
বন্দর থানার এসআই নাজমুল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উচ্চগতির কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানায়, আহত অপর ব্যক্তির চিকিৎসা চলছে এবং দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার নাঙ্গলকোটে রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় আবুল হাসেম (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার আনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে নাঙ্গলকোট-লাকসাম সড়কের নাঙ্গলকোট পৌর সভার ছোট বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হাসেম পৌরসভার নাঙ্গলকোট উত্তরপাড়ার মরহুম ইতিম আলীর ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। দুর্ঘটনায় মোটরসাইকেলচালক সনজয় চন্দ্র শীলও আহত হয়েছেন। তিনি মক্রবপুর এলাকার সোহাদব চন্দ্র শীলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সনজয় মোটরসাইকেল নিয়ে নাঙ্গলকোট পৌর বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় আবুল হাসেম রাস্তা পার হতে গিয়ে সনজয়ের মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।



