কুষ্টিয়া প্রতিনিধি
নিয়োগ পরীক্ষায় চাকরি প্রার্থীর পরিবর্তে প্রক্সি দিতে যাওয়া চারজনকে আটক করা হয়েছে। কুষ্টিয়া কর অঞ্চল কার্যালয়ের অফিস সহায়ক পদে গত মঙ্গলবার মৌখিক পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।
জানা গেছে, মৌখিক পরীক্ষায় অংশ নেয়া চারজনের আচরণ সন্দেহজনক মনে হলে নিয়োগ বোর্ডের সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করেন। পরে কাগজপত্র যাচাই করে দেখা যায়, প্রবেশপত্রে থাকা ছবি জালিয়াতির মাধ্যমে প্রকৃত চাকরি প্রার্থীর পরিবর্তে তাদের বসিয়ে পরীক্ষায় অংশ নিয়েছেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা প্রক্সি পরীক্ষা দেয়ার বিষয়টি স্বীকার করেন। এরপর মধ্যরাতে আটক চারজনকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, মোটা অঙ্কের টাকার বিনিময়ে চাকরিপ্রার্থীর পরিবর্তে অন্য ব্যক্তিকে পরীক্ষায় অংশগ্রহণ করিয়ে দেয়ার জন্য একটি সঙ্ঘবদ্ধ চক্র কাজ করেছে। কুষ্টিয়া মডেল থানার ওসি মো: কবির হোসেন মাতুব্বর বলেন, নিয়োগকারী কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



