দ্য গার্ডিয়ান
ইউক্রেনকে দূরপাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তা করার সিদ্ধান্ত নেয়ার পর ব্রিটেনকে কঠোর বার্তা দিয়েছে রাশিয়া। মস্কো স্পষ্ট জানিয়ে দিয়েছে, এ ধরনের সহায়তা অব্যাহত থাকলে ইউক্রেনের অভ্যন্তরে বা বাইরে থাকা ব্রিটেনের যেকোনো সামরিক স্থাপনায় পাল্টা সামরিক হামলা চালানো হতে পারে।
রুশ পররাষ্ট্র দফতরের মুখপাত্র মারিয়া জাখারোভা লন্ডনের এ উদ্যোগকে ‘আগুন নিয়ে খেলা’ হিসেবে বর্ণনা করেছেন। ঠিক একই সময়ে আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান মস্কো সফর করে ন্যাটো সামরিক জোটভুক্ত কোনো দেশে আক্রমণ না চালানোর জন্য ক্রেমলিনকে সতর্কবার্তা দিয়েছেন বলে গুঞ্জন উঠেছে। এর আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ঘোষণা দেন, কিয়েভকে তাদের নিজস্ব প্রযুক্তিতে ‘স্টর্ম শ্যাডো’ নামক দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎপাদনের প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হবে, যাতে ফ্রান্সও সম্মতি দিয়েছে। এ খবরের পর ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার বেআইনি আক্রমণের বিপরীতে ইউক্রেন ও মিত্রদের সমর্থন দিতে তারা সঙ্কল্পবদ্ধ এবং মস্কোর কোনো হুমকিতে তারা অবস্থান বদলাবে না।
এ দিকে ওয়াল স্ট্রিট জার্নালের এক খবরে বলা হয়, সিআইএ প্রধান জন র্যাটক্লিফ সম্প্রতি গোপনে মস্কো ভ্রমণ করেছেন। আমেরিকান গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা, ন্যাটোর প্রস্তুতি যাচাই করতে রাশিয়া সীমান্তবর্তী কোনো সদস্য দেশে সীমিত আকারের আক্রমণ বা বড় ধরনের সাইবার হামলা চালাতে পারে, যেখানে বাল্টিক অঞ্চলের দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁঁকিতে রয়েছে। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ সমস্ত দাবি ও খবরকে ভয় দেখানোর উদ্দেশ্যে বানানো মনগড়া তথ্য বলে প্রত্যাখ্যান করে রাশিয়ার এমন কোনো অভিপ্রায় নেই বলে নিশ্চিত করেছেন।



