ডি ককের সেঞ্চুরিতে সিরিজ প্রোটিয়াদের

Printed Edition

ক্রীড়া ডেস্ক

টি-২০ বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম ম্যাচে ৯ উইকেটের সহজ জয় পেয়েছিল প্রোটিয়ারা। দ্বিতীয় ম্যাচে গত পরশু ক্যারিবীয়দের ২২১ রানকে টপকে ২২৫ করে ৭ উইকেটের জয় স্বাগতিক দলের। কিন্তু কুইন্টন ডি ককের ব্যাটের সামনে সেই লক্ষ্যও বড় মনে হয়নি। এই ওপেনারের ৪৯ বলে ১১৫ রানের আগ্রাসী ব্যাটিংয়ে ১৫ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে দক্ষিণ আফ্রিকা। আর এই জয়ে তিন ম্যাচ সিরিজ ২-০তে নিজেদের করে নিলো স্বাগতিকরা। সিরিজ জয় নিশ্চিত হওয়ার পর শেষ ম্যাচে আজ হোয়াইটওয়াশ মিশন দক্ষিণ আফ্রিকার।

সেঞ্চুরিয়ানে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ২২১ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৭ রানে অধিনায়ক শাই হোপকে হারায় তারা। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে শিমরন হেটমায়ারকে সাথে নিয়ে ১২৬ রানের জুটি ব্রেন্ডন কিংয়ের। ৩০ বলে ৪৯ রানে কিং বিদায় নিলে ভাঙে জুটি। হেটমায়ার খেলেন ৪২ বলে ৭৫ রানের ইনিংস। শেষের দিকে শেরফেন রাদারফোর্ডের ২৪ বলে অপরাজিত ৫৭ ও ১০ বলে ১৭ রানের হার না মানা রোমারিও শেফার্ডের ইনিংসে ভর করে ৪ উইকেট হারিয়ে বড় সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ।

বিশাল লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিল দক্ষিণ আফ্রিকা। ২.৪ ওভারে ২৭ রান এলে এবার বিদায় নেন মার্করাম। সেখান থেকে রায়ান রিকেল্টনকে সাথে নিয়ে লড়াই শুরু করেন ডি কক। দ্বিতীয় উইকেটে গড়েন তোলেন তিনি ৭২ বলে ১৬২ রানের জুটি। এরপর ১০ ছক্কায় ৪৯ বলে ১১৫ রান করে সাজঘরে ফেরেন ডি কক।

দেশের মাঠে নিজের সবশেষ সিরিজেই বছর তিনেক আগে এই মাঠেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩ বলে সেঞ্চুরি করেছিলেন ডি কক। সেদিন ২৫৯ রান তাড়ায় জিতেছিল দল। ফেরার ম্যাচে সেঞ্চুরি করলেন ঠিক ৪৩ বলেই। তবে ক্যারিয়ারসেরা ইনিংসটি খেলেন তিনি ডিওয়াল্ড ব্রেভিসের ব্যাটে। এই সংস্করণে দ্বিতীয় শতরান পেয়ে ম্যাচসেরাও হন ডি কক। আর ২০ ওভারের ক্রিকেটে ১২ হাজার রানের মাইফলকও তিনি পেরিয়েছেন এ দিন। ৩৬ বলে ৭৭ রানে অপরাজিত থাকেন রিকেল্টন।