বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের ভুল শিক্ষানীতি, দলীয়করন ও শতভাগ পাসের মাধ্যমে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। তারা গত ১৬ বছরে শিক্ষার্থীদের পাসের হার বাড়িয়েছে। শিক্ষার গুণগত মানোন্নয়ন করেনি। প্রকৃত অর্থে জাতি তত বেশি উন্নত ও সমৃদ্ধ। ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে মূর্খ জাতি হিসেবে বিশ্ব দরবারে পরিচিতির জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তিনি গতকাল কুমিল্লার দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
ড.খন্দকার মোশাররফ হোসেন এই বিদ্যালয়ের ১৯৬২ ব্যাচের ছাত্র ছিলেন। তিনি অনুষ্ঠানস্থলে এসে পৌঁছলে পরিচালনা পর্ষদের সভাপতি আবদুস সাত্তার এবং শিক্ষার্থী, শিক্ষকরা ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান। ১৯১৮ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি ১০৭ বছরে পদার্পণ করেছে।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন, সাবেক সচিব ও এ বিদ্যালয়ের ছাত্র মো: নিজামউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নূরুল আমীন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।
অন্যদের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিমউদ্দিন আহমেদ, বিএনপি নেতা এ কে এম শামসুল হক, আলহাজ আবুল হাশেম, এম এ লতিফ ভূইয়া, জসিমউদ্দিন আহমেদ, ভিপি জাহাঙ্গীর আলম, নূর মোহাম্মদ সেলিম সরকার, পিটার চৌধুরী ও কাউসার আলম সরকার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



