সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উপলক্ষে বরাদ্দ করা অর্থ বণ্টনে অনিয়মের অভিযোগ উঠেছে জেলা ক্রীড়া অফিসার মো: কামরুজ্জামানের বিরুদ্ধে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস যৌথভাবে আয়োজিত টুর্নামেন্টের জন্য মোট বরাদ্দ ছিল চার লাখ ২৬ হাজার টাকা।
অংশগ্রহণকারী ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানকে যাতায়াত বাবদ পাঁচ হাজার টাকা করে দেয়ার নিয়ম থাকলেও সদর উপজেলার কলেজগুলো পেয়েছে মাত্র দুই হাজার এবং দূরবর্তী প্রতিষ্ঠানগুলো পেয়েছে তিন হাজার টাকা। অভিযোগ উঠেছে, বরাদ্দ থেকে অন্তত দেড় লাখ টাকা কম দেখানো হয়েছে। এ ছাড়া আন্তঃস্কুল ও মাদরাসাপর্যায়ের টেবিল টেনিস, দাবা ও সাঁতার প্রতিযোগিতার জন্য বরাদ্দ ছিল ৮৮ হাজার টাকা। সাতটি প্রতিষ্ঠানে অংশ নিলেও সর্বোচ্চ ১৫ হাজার টাকা পুরস্কার এবং সম্পৃক্ত খরচ মিলিয়ে অর্ধেকের বেশি অর্থ বণ্টনবহির্ভূত রয়েছে বলে অভিযোগ উঠেছে।
ভালুকা চাঁদপুর আদর্শ কলেজ, সাতক্ষীরা সরকারি কলেজ, কালিগঞ্জ ডিগ্রি কলেজ ও তালা মুক্তিযোদ্ধা কলেজের দায়িত্বশীলরা জানান, প্রতিটি ম্যাচে খরচ বাবদ পাঁচ হাজার টাকা পাওয়ার কথা থাকলেও দেয়া হয়েছে দুই/তিন হাজার টাকা করে। ফাইনাল ম্যাচের খরচও দেয়া হয়নি বলে অভিযোগ তাদের।
অভিযোগ সম্পর্কে জেলা ক্রীড়া অফিসার মো: কামরুজ্জামান বলেন, ভ্যাট-ট্যাক্স বাদ দিয়ে দলপ্রতি চার হাজার ৮০০ টাকা পাওয়ার কথা। দূরত্ব অনুযায়ী দুই-তিন হাজার টাকা করে দেয়া হয়েছে। তবে আন্তঃস্কুল ও মাদরাসা প্রতিযোগিতার বরাদ্দ বণ্টনের বিষয়ে তিনি খাতা পরীক্ষা করে জানাবেন বলে মন্তব্য করেন।



