ক্রীড়া ডেস্ক
মাত্র ১৫ বছর ৯৯ দিন বয়সে আন্তর্জাতিক টি-২০তে অভিষেক করে ভারতের সর্বকনিষ্ঠ পুরুষ ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েছেন বৈভব সূর্যবংশী। শনিবার ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-২০তে মাঠে নেমে তিনি ভেঙে দেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের দীর্ঘদিনের রেকর্ড।
ইনিংসের শুরুতে কিছুটা নার্ভাস থাকলেও দ্রুত নিজের সামর্থ্যরে পরিচয় দেন সূর্যবংশী। জোফরা আর্চারের বলে দারুণ এক ছক্কা হাঁকানোর পর জশ টাংয়ের বিপক্ষেও আরেকটি ছক্কা মারেন। তবে ১০ বলে ১৪ রান করে উইল জ্যাকসের বলে স্টাম্পিংয়ের শিকার হয়ে ফিরতে হয় তাকে।
ভারতের হয়ে অভিষেকের আলো কেড়ে নিলেও ম্যাচের নায়ক ছিলেন ইংল্যান্ডের জ্যাকব বেটেল। ২২ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার ৪৬ বলে অপরাজিত ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল পাঁচটি চার ও পাঁচটি ছক্কা। বিশেষ করে রবি বিষ্ণোইয়ের করা ১৭তম ওভারে দু’টি ফ্রি-হিটে ছক্কাসহ ২৯ রান তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি।
প্রথমে ব্যাট করে ভারত ১৯০ রানের লক্ষ্য দেয়। জবাবে ৪ উইকেটের জয় তুলে নেয় ইংল্যান্ড।



