রাজধানীতে প্রাইভেট কারের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া থেকে রাজধানী ঢাকার ৩০০ ফিটে মোটরসাইকেল চালাতে এসে প্রাইভেট কারের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মো: সাব্বির হোসেন (২১) ও মোহাম্মদ রিফাত (২২)। গতকাল রোববার বিকেলে ৩০০ ফিটের জলসিড়ি বিশ্বরোড চত্বরে এই ঘটনা ঘটে।

নিহতদের হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ মনির জানান, জলসিড়ি বিশ্বরোড এলাকায় একটি দ্রুত গতির প্রাইভেট কার মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। মোটরসাইকেলটি ছিটকে গড়িয়ে গড়িয়ে বহুদূর চলে যায়। এতে গুরুতর আহত হন সাব্বির ও রিফাত। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসা জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, আমরা স্বজনের মাধ্যমে জানতে পেরেছি তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। সেখান থেকেই দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ৩০০ ফিট আসে। নিহত সাব্বিরের বাবার নাম মোহাম্মদ আমির হোসেন গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরের শেখেরকান্দা। মোহাম্মদ রিফাতের বাবার নাম নুর ইসলাম। তাদের বাড়িও একই জায়গায়। নিহত দুজনই এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের স্বজন ও সংশ্লিষ্ট থানার পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে।