নিজস্ব প্রতিবেদক
আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে মোবাইল ফোন বন্ধ রেখে এবং বিশেষভাবে তৈরি জ্যাকেটে ফেনসিডিল বহনের কৌশল নিয়েও রক্ষা হয়নি একটি মাদক চক্রের সদস্যদের। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের বিশেষ অভিযানে রাজধানীর মহাখালী এলাকা থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৩০৯ বোতল কোডিন ফসফেটযুক্ত ফেনসিডিল জব্দ করা হয়েছে।
ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো: মেহেদী হাসান জানান, মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় ফেনসিডিল আনার সময় মো: নাসিরুল ইসলাম (৪৮), মো: ফাহিম আজাদ (২৭), মোছা: জুলেখা খাতুন (৩২) ও মোছা: শারমিন খাতুনকে গ্রেফতার করা হয়। তারা একটি বাসে না উঠে দু’টি পৃথক পরিবহনে যাত্রা করে এবং মোবাইল ফোন ব্যবহার না করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়ানোর চেষ্টা করছিলেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাস কর্তৃপক্ষের সহযোগিতায় অভিযানের পরিকল্পনা করা হয়। ডিএনসির সদস্যরা যাত্রী সেজে সন্দেহভাজনদের পাশের আসনে বসেন এবং বাসকর্মীদের মাধ্যমে তথ্য আদান-প্রদান করে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করেন।
পরে রাজধানীর বনানী থানার মহাখালী কাঁচাবাজার এলাকার কস্তুরী রেস্টুরেন্টের সামনে ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস থামিয়ে তিনজনকে আটক করা হয়। তাদের ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়।



