চট্টগ্রামে সরোয়ার খুনে মামলা : ২ যুবদল নেতা গ্রেফতার

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণাকালে সরোয়ার হোসেন বাবলা খুনের ঘটনায় ২৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় এক যুবদল নেতাসহ দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল শুক্রবার সকালে সরোয়ারের বাবা আবদুল কাদের নগরীর বায়েজিদ বোস্তামী থানায় মামলাটি করেছেন।

গ্রেফতারদের মধ্যে মোহাম্মদ আলাউদ্দিন নগরের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি ও মোহাম্মদ হেলাল যুবদল কর্মী বলে জানা গেছে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মোজাফ্ফর হোসেন বলেন, সাম্প্রতিক চট্টগ্রাম নগরে একটি হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে নগরীর চান্দগাঁও থানার হাজীরপুল এলাকায় অভিযান চালিয়ে আলাউদ্দিন ও হেলালকে গ্রেফতার করা হয়। তাদের বাসা ওই এলাকায়।

এদিকে বাবলা হত্যা মামলায় বিদেশে পলাতক দুর্ধর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ এবং তার বাহিনীর কিলিং স্কোয়াডের প্রধান হিসেবে পরিচিত রায়হান আলমসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। অন্য আসামিরা হলেন- বোরহান উদ্দিন, নেজাম উদ্দিন, আলাউদ্দিন, মোবারক হোসেন ওরফে ইমন ও হেলাল ওরফে মাছ হেলাল।

বায়েজিদ বোস্তামী থানার ওসি জসিম উদ্দিন নয়া দিগন্তকে জানিয়েছেন, মামলায় সাতজনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরো ১৫-১৬ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে সরোয়ারের বাবা অভিযোগ করেছেন, বিদেশে পলাতক সাজ্জাদ আলী দীর্ঘদিন ধরে সরোয়ার হোসেন বাবলাকে হত্যার হুমকি দিয়ে আসছেন। সর্বশেষ গত রোববার সরোয়ারকে মেরে ফেলার হুমকি দিয়ে বলেন, ‘সময় শেষ, যা খাওয়ার খেয়ে নে’। এরপর গত বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর সাথে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়া সরোয়ারকে সরাসরি পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয়। সাজ্জাদের নির্দেশে তার অনুসারীরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ আনা হয়েছে মামলার এজাহারে।

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় নগরীর বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী খোন্দকীয়া পাড়ায় নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ হয়ে আহত হন নহর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে দলটির প্রার্থী এরশাদ উল্লাহ। এ ঘটনার পর সিএমপি কমিশনার হাসিব আজিজ সাংবাদিকদের বলেছিলেন সরোয়ার হোসেন বাবলাকে টার্গেট করে হামলা চালানো হয়েছিল।

গ্রেফতার আরো ৪

চট্টগ্রামে একাধিক আলোচিত গুলিবর্ষণের ঘটনা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে আরো চার সন্দেহভাজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এরমধ্যে ইশতিয়াক চৌধুরী ওরফে অভি, মো: আরমান আলী রাজ (২৭), মো: জনি (৩৮) ও মাহমুদুল হক জ্যাকি (৩৫) রয়েছে।

শুক্রবার সকালে সংস্থাটি এই তথ্য নিশ্চিত করে। রাতে পরিচালিত এক অভিযানে র‌্যাব-৭ চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিসহ ছয়জনকে গ্রেফতার করে। সাম্প্রতিক সময়ে রাউজান উপজেলায় সন্ত্রাস সৃষ্টি এবং একাধিক গুলি চালানোর ঘটনায় তাদের জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে র‌্যাব-৭ কর্মকর্তারা জানিয়েছেন। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।