নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাতীয় নির্বাচনের জন্য আইনশৃঙ্খলাবাহিনী প্রস্তুত রয়েছে। ধাপে ধাপে তাদের প্রশিক্ষণ চলমান রয়েছে। আমাদের সবার প্রচেষ্টা থাকবে নির্বাচন যেন অবাধ, নিরাপদ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
উপদেষ্টা গতকাল বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্স প্রাঙ্গণে রাজস্ব খাতে ক্রয়কৃত ২০টি নতুন গাড়ি (ডাবল কেবিন পিকআপ) ডিএমপিকে হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, যেকোনো নির্বাচনে সবচেয়ে বড় ভূমিকা রাখে জনগণ। তারাই সবচেয়ে বড় ফ্যাক্টর। তা ছাড়া আমাদের দেশের জনগণ নির্বাচন সম্পর্কে খুবই সচেতন। ইতোমধ্যে পাড়া-মহল্লায়, চায়ের দোকানে নির্বাচনের আলাপ-আলোচনা শুরু হয়ে গেছে। নির্বাচনী আমেজ বিরাজ করছে এবং জনগণ নির্বাচনমুখী। আর জনগণ নির্বাচনমুখী হলে কেউ আটকাতে পারবে না।
উপদেষ্টা বলেন, আমাদের সবার প্রচেষ্টা থাকবে নির্বাচন যেন অবাধ, নিরাপদ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এ জন্য ধাপে ধাপে পুলিশের প্রশিক্ষণ চলমান রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে পাশাপাশি বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যদের ওপরে হামলা, মারধর, নির্যাতনের ঘটনা ঘটছে এমন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছুদিন আগে নরসিংদীতে এমন ঘটনা ঘটেছে। তবে এ রকম ঘটনা কমে আসছে।
তিনি বলেন, সবাই যখন নির্বাচন মুডে আসবে, তখন এই ধরনের অপরাধ কমে যাবে। তখন রাজনৈতিক কার্যক্রম বাড়বে। নির্বাচনের জন্য তো কয়েকটা প্রতিষ্ঠানের কাজ বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি হলো নির্বাচন কমিশন। এরপর প্রশাসন, আইনশৃঙ্খলাবাহিনী। আরেকটা হচ্ছে রাজনৈতিক দল। সবাই যদি সহযোগিতা করে, তাহলে নির্বাচন খুব ভালোভাবে হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রয়োজনের তুলনায় পুলিশের যানবাহনের সংখ্যা কম। বিশেষ করে ২৪ সালের ১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত বিভিন্ন ঘটনায় বাংলাদেশ পুলিশের ৫২৬টি সরকারি যানবাহন ভস্মীভূত এবং ধ্বংসপ্রাপ্ত হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে যায়। তন্মধ্যে ডাবল কেবিন পিকআপ ২৪১টি, মোটরসাইকেল ২১৭টি ও অন্য যানবাহন ৬৮টি। তিনি বলেন, যানবাহন সমস্যা দূরীকরণের মাধ্যমে প্রকৃত নাগরিক সেবা নিশ্চিতকল্পে পুলিশের জন্য ২০০টি ডাবল কেবিন পিকআপ, ১৫২টি মোটরসাইকেল ও ৬৬টি অন্য যানবাহনসহ মোট ৪১৮টি যানবাহন ক্রয় করা হয়েছে। তার মধ্যে ডাবল কেবিন পিকআপগুলো প্রগতি ইন্ডাস্ট্রিজের মাধ্যমে ক্রয় করা হয়েছে। উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন এসব যানবাহন ও সরঞ্জামাদির মাধ্যমে বাংলাদেশ পুলিশ অতি দ্রুত জনগণের দোরগোড়ায় কার্যকর ও দ্রুততম সেবা পৌঁছে দিতে সক্ষম হবে এবং দেশের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে পারবে।
এ সময় ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলীসহ ডিএমপির অতিরিক্ত কমিশনাররা উপস্থিত ছিলেন।



