ময়মনসিংহে দিনদুপুরে বাসায় ঢুকে যুবককে হত্যা

Printed Edition

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহ নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকায় দিনদুপুরে বাসায় ঢুকে এক যুবককে নির্মমভাবে পিটিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঘটে যাওয়া এ নৃশংস হত্যাকাণ্ডে নিহত হন রুবেল (স্থানীয়ভাবে পরিচিত ‘কাইল্যা রুবেল’ নামে)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঘটনার সময় রুবেল তার ভাড়া বাসায় অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ ঘরে ঢুকে প্রথমে বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করে। পরে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে মৃত্যু নিশ্চিত করে দ্রুত পালিয়ে যায়।

চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় রুবেলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, রুবেল এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত ছিলেন। তবে এই হত্যাকাণ্ড মাদকসংক্রান্ত বিরোধ, পূর্বশত্রুতা নাকি অন্য কোনো কারণে সঙ্ঘটিত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে এবং তদন্ত শুরু করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শিবিরুল ইসলাম বলেন, ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।