জবি সংবাদদাতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈমকে চড় মারার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের হল সংসদ ছাত্রদল নেত্রী সাদিয়া সুলতানা নেলির বিরুদ্ধে।
গতকাল আন্তঃবিশ্ববিদ্যালয় অষ্টম ইনডোর গেমস বাছাই পর্বের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
অভিযোগকারী জর্জিস আনোয়ার নাঈম বলেন, ক্যারাম বোর্ড খেলা ঘিরে ঘটনার সূত্রপাত হয়। খেলাটির ফাইনালে দু’টি দল ওঠে। নিয়ম অনুযায়ী একই বিভাগের দু’টি দল ফাইনালে অংশ নিতে পারে না। এ অবস্থায় তিনি ক্রীড়া কমিটির সদস্যদের সাথে আলোচনা করে উভয় দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করার প্রস্তাব দেন। কিন্তু এ সময় সাদিয়া সুলতানা নেলি খেলা ছাড়াই চ্যাম্পিয়ন ঘোষণা করার দাবি জানান এবং তা না হলে ভিসিকে ফোন দেয়ার হুমকি দেন। এক পর্যায়ে তিনি আমাকে চড় মারেন।
অন্য দিকে অভিযুক্ত সাদিয়া সুলতানা নেলি নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে ক্রীড়া সম্পাদকের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ তুলে লেখেন, মিস্টার জর্জিস আনোয়ার নাঈম (ক্রীড়া সম্পাদক, জকসু) ভবিষ্যতে খেলায় স্বজনপ্রীতি করলে এর চেয়েও বেশি থাপ্পড় খাবেন। এখন তো শুধু একটি দিয়েছি। একই সাথে দু’টি দলকে একসাথে চ্যাম্পিয়ন করার চেষ্টা করা হচ্ছিল বলেও তিনি অভিযোগ করেন।
এ ঘটনায় নিন্দা জানিয়ে জবি ছাত্র শক্তির সদস্য সচিব শাহিন মিয়া বলেন, জকসুর ক্রীড়া সম্পাদককে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা নিন্দনীয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি জানাচ্ছি।



