নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জ থেকে ঢাকার হজক্যাম্পে আসার পর বাচ্চু মিয়া (৬২) নামে একজন হজযাত্রী মারা গেছেন। মৃত এ হজযাত্রীর লাশ তার গ্রামের বাড়িতে পাঠানোর দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঢাকা হজ অফিসের পরিচালক লোকমান হোসেন জানান, সস্ত্রীক হজপালনের উদ্দেশ্যে গতরাত আনুমানিক আড়াই টার দিকে গাড়িতে অন্যান্য সহযাত্রীদের সাথে হজক্যাম্পে আসেন বাচ্চু মিয়া। গাড়ি থেকে নামানোর জন্য সাহায্য চাওয়া হলে একটি স্বেচ্ছাসেবক টিম তার সহায়তায় এগিয়ে যান এবং শারীরিক অবস্থা বিবেচনায় তাকে হজ অফিসের মেডিক্যাল ক্যাম্পে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক মো: ইকবাল অবস্থা পর্যবেক্ষণ করে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হজ অফিসের পরিচালক জানান, বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী তারেক রহমান মৃত হজযাত্রী বাচ্চু মিয়ার লাশ তার গ্রামের বাড়িতে পাঠানোর দায়িত্ব নেন।
লাশ একটি লাশবাহী ফ্রিজিং গাড়িতে তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লুনদিয়া গ্রামে পাঠানো হয়েছে। এ লাশবাহী গাড়িতে মৃতের স্ত্রী ছাড়াও ধর্ম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা, হজ এজেন্সির প্রতিনিধি ও কয়েকজন স্বেচ্ছাসেবক রয়েছেন।
মৃত হজযাত্রীর সহযাত্রীরা জানান, বাচ্চু মিয়া গাড়িতে হজক্যাম্পে আসার পথে অস্বস্তি বোধ করায় মীরের বাজার এলাকার একটি চায়ের দোকান হতে কিছুটা চিনি এনে খাওয়ানোর চেষ্টা করা হয়। কিন্তু তিনি সেটা খেতে পারেননি।



