সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

১টি কোরাল বিক্রি ২৪ হাজার টাকায়

ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কোরাল মাছ। মাছটি প্রতি কেজি এক হাজার ৫০০ টাকা দরে মোট ২৪ হাজার টাকায় নিলামে বিক্রি হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ৫ নম্বর কলাতলী ইউনিয়নের ডালচর মৎস্যঘাটে জোবায়ের হাসান রাজিব চৌধুরীর মৎস্য আড়তে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন জেলে কামাল মাঝি। পরে নিলামে ২৪ হাজার টাকায় বিশাল আকৃতির কোরাল মাছটি কিনে নেন মৎস্যব্যবসায়ী জুবায়ের হাসান রাজিব চৌধুরী। জেলে কামাল মাঝি জানান, মঙ্গলবার মেঘনায় জাল ফেলে মাছ শিকারের সময় অন্যান্য ছোট আকারের ইলিশের সাথে বিশাল আকৃতির কোরাল মাছটি ধরা পড়ে। পরে অন্যান্য মাছের সাথে কোরাল মাছটিও মৎস্য আড়তে নিয়ে নিলামে বিক্রি করা হয়। ভোলা প্রতিনিধি।

মোহনগঞ্জে সংঘর্ষ, হাসপাতালে ৭

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে পল্লী বিদ্যুতের ট্রান্সফর্মার কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। গত সোমবার দুপুরে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রামে পল্লী বিদ্যুৎ অফিসের কর্মীরা ট্রান্সফর্মার স্থাপনের কাজ করতে গেলে এ ঘটনার সূত্রপাত হয়। স্থানীয় সূত্র ও অভিযোগে জানা যায়, ট্রান্সফর্মার স্থাপনের সময় আজিজুল (৩০) ও ইমন (২৫) নামের দুই ব্যক্তি কাজে বাধা দেন। এ সময় পল্লী বিদ্যুৎ অফিসের কর্মীদের সাথে তাদের কথাকাটাকাটি ও দুর্ব্যবহার হয়। একপর্যায়ে ইব্রাহিম ও জাহাঙ্গীর আলম এগিয়ে এলে তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ ওঠে। ঘটনায় মনজুরা আক্তার (৭৫), জাহাঙ্গীর আলম (৪৫), ইব্রাহিম ও মদিনা আক্তারসহ (৭১) মোট সাতজন আহত হন। এর মধ্যে ইব্রাহিমের মাথায় এবং মদিনা আক্তারের হাতে গুরুতর আঘাত লেগেছে। আহতদের উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা।

রূপগঞ্জে মানববন্ধন

ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকার লোকালয়ের ময়লা আবর্জনার স্তূপ অপসারণের দাবিতে মানববন্ধন, মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ হয়েছে। গত সোমবার ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড এলাকায় ভুক্তভোগী শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করে। এ সময় মহাসড়ক ও তারাবো, বিশ্বরোড এবং বরাবোসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। দুপুর ১২টায় পুলিশ ও স্থানীয় বিএনপি নেতাদের ময়লা আবর্জনার স্তূপ অপসারণের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা ।

লালমনিরহাটে ধর্ষককে গ্রেফতার

লালমনিরহাটের কালীগঞ্জে অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী (৪০) নামে এক ক্লিনিক পরিচালককে গ্রেফতার করেছে র‌্যাব। গত সোমবার ভোরে উপজেলার চাপারহাট চব্বিশ হাজার গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইউসুফ আলী কালীগঞ্জ উপজেলার কাঞ্চনশর গ্রামের মৃত আসমত আলীর ছেলে। তিনি স্থানীয় ‘নিউ রূপসী বাংলা’ ক্লিনিকের পরিচালক এবং ভুক্তভোগী ছাত্রীর প্রতিবেশী বলে র‌্যাব জানিয়েছে। র‌্যাব জানায়, গত ২০ আগস্ট ভুক্তভোগী ছাত্রীর ছয় মাস বয়সী ছোট ভাই অসুস্থ থাকায় তার মা চিকিৎসার জন্য লালমনিরহাটে যান। এ সময় ওই ছাত্রী বাড়িতে একা থাকার সুযোগে ইউসুফ আলী বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। লালমনিরহাট প্রতিনিধি।

৪ শিক্ষাপ্রতিষ্ঠানে বিজিবির সহায়তা

খাগড়াছড়ি জেলার পানছড়িতে শিক্ষার মানোন্নয়ন ও ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে সহায়তার অংশ হিসেবে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি) গত সোমবার সকালে সহায়তা সামগ্রী বিতরণ করেন লোগাং জোন ও তিন বিজিবির জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম। এ সময়, উপজেলার মধ্য নগর নূরানী তালিমুল কুরআন মাদরাসায় ঢেউ টিন, ওমর পুর তালিমুল নূরানী কুরআন মাদরাসা ও এতিমখানায় বৈদ্যুতিক ফ্যান ও ব্যাটারি, দারুস সুন্নাহ মডেল মাদরাসায় আইপিএস ও ব্যাটারি, ফাতেমা নগর নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন খেলাসামগ্রী বিতরণ করেন এবং প্রতিটি প্রতিষ্ঠানে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পানছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা।

সোনারগাঁওয়ে ভুয়া পুলিশ গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতি করার সময় এক ভুয়া পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ট্রাক আটকিয়ে ডাকাতির চেষ্টা করে। গ্রেফতারকৃত ভুয়া পুলিশের নাম হিরা শেখ (৪০) । গতকাল সোমবার সকালে উপজেলার কাঁচপুর চাঁদমহল সিনেমার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে পুলিশের পোশাক ক’টি উদ্ধার করা হয়েছে। গত সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার উপপরিদর্শক আরিফুজ্জামানের নেতৃত্বে এএসআই সাইফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স নিয়ে ভুয়া পুলিশ হিরা শেখকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশের পোশাকদারি আরো পাঁচজন পালিয়ে যায়। তার বিরুদ্ধে সোনারগাঁও থানাসহ বিভিন্ন থানা ডাকাতি ও অস্ত্র মামলাসহ ১৩টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত হিরা শেখ বাগেরহাট জেলার মোরলগঞ্জ থানার পটিখালী এলাকার মৃত আলী আকবর শেখ ছেলে। সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা।

৪ ফার্মেসিকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের ফটিকছড়িতে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে চারটি ফার্মেসিকে মোট এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার বিকেলে ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাজার এলাকায় উপজেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন অধিদফতর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রহমত উল্লাহ। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিবিরহাট বাজারের বেশ কিছু দোকানে দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ফ্রিজিং বা সঠিক নিয়মে সংরক্ষণ না করা, বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল এবং অবৈধ ভারতীয় ওষুধ রাখা ও বিক্রি করা হচ্ছিল। এমন খবরে অভিযান চালিয়ে এসব অনিয়মের সত্যতা মেলায় ‘রাকিব ফার্মেসি’কে ১০ হাজার টাকা, ‘করিম ক্লিনিক ফার্মেসি’কে ২০ হাজার টাকা, ‘করিম ড্রাগ হাউজ’কে ৫০ হাজার টাকা এবং ‘জনসেবা ফার্মেসি’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা।

৫৯টি চোরাই মোবাইল উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে অভিযান চালিয়ে আইএমইআই (ওগঊও) নম্বর পরিবর্তন করা ৫৯টি চোরাই মোবাইলফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মোবাইল চুরি ও আইএমইআই নম্বর পরিবর্তন চক্রের সাথে জড়িত চার সদস্যকে আটক করা হয়েছে। গত সোমবার রাতে ফকিরহাট সদরের রেজাউর রহমান পলাশের ‘পুষ্প টেলিকম’ নামের একটি দোকান থেকে এসব মোবাইল উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, রেজাউর রহমান পলাশ (৩৪), মো: অহিদুল ইসলাম (২৬), চন্দন সাহা (৩০) এবং মো: হুছাইন খান (২২)। আটককৃতদের বাড়ি খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়। গতকাল মঙ্গলবার সকালে বাগেরহাটের পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। তিনি বলেন, প্রতিটি মুঠোফোনের একটি ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) নম্বর থাকে, যা দিয়ে ফোনটি শনাক্ত করা যায়। কিন্তু এই চোর চক্রের সদস্যরা সেসব নম্বর পরিবর্তন করে ফেলত। পুলিশ সুপার আরো জানান, মুঠোফোন উদ্ধারের সময় চোর চক্রের চার সদস্যকে আটক করা হলেও এদের সাথে জড়িত আরো তিনজন পালিয়ে যায়। ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি।