মধ্যরাতে যাত্রীদের শুভেচ্ছা জানান বিমানমন্ত্রী

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট আবার শুরু

Printed Edition
শাহজালাল বিমানবন্দরে বিমানের নারিতা রুটের যাত্রীদের শুভেচ্ছা জানান বিমানমন্ত্রী আফরোজা খানম : নয়া দিগন্ত
শাহজালাল বিমানবন্দরে বিমানের নারিতা রুটের যাত্রীদের শুভেচ্ছা জানান বিমানমন্ত্রী আফরোজা খানম : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রায় এক বছরের বিরতির শেষে ঢাকা-নারিতা-ঢাকা রুটে পুনরায় নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করেছে। রোববার দিবাগত রাত ২টা ২৫ মিনিটে ১৪৩ জন যাত্রী নিয়ে উদ্বোধনী ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নারিতার উদ্দেশে ছেড়ে যায়।

এ উপলক্ষে বিমানবন্দরে যাত্রীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। এ সময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক) ড. মো: শাকিরুল ইসলাম খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মোস্তফা মাহমুদ সিদ্দিক, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস. এম. রাগিব সামাদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং উপব্যবস্থাপনা পরিচালক ও ডিসিইও সৈয়দ মইন উদ্দিন আহমেদসহ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত।

ঢাকা নারিতা রুট পুনরায় চালুর মাধ্যমে ব্যবসায়, শিক্ষার্থী, পর্যটক, প্রবাসী বাংলাদেশীসহ সব যাত্রীর জন্য নিরাপদ, নির্ভরযোগ্য ও সুবিধাজনক বিমান যোগাযোগ নিশ্চিত হবে। সেই সাথে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন এবং জনগণের পারস্পরিক সম্পর্ক আরে সম্প্রসারিত হবে। ঢাকা-নারিতা-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অত্যাধুনিক বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার দিয়ে পরিচালিত হবে।