নোয়াখালীতে কলেজ শিক্ষকের লাশ উদ্ধার

গাজীপুরে পরিবহনশ্রমিক খুন

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

নেয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের এক দিন পর এক কলেজশিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। অন্য দিকে গাজীপুরের কালিয়াকৈরে মাদক নিয়ে দ্বন্দ্বে খুন হয়েছেন এক পরিবহনশ্রমিক।

নোয়াখালী অফিস জানায়, নোয়াখালীর কো¤পানীগঞ্জে নিখোঁজের এক দিন পর পুকুর থেকে মাহমুদুন নবী ওরফে সম্রাট (৩৯) নামে এক কলেজশিক্ষকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

গতকাল সোমবার দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা আলী আহাম্মদের বাড়ির সামনের মসজিদের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সম্রাট ওই এলাকার মইনুল হক রতনের ছেলে। তিনি স্থানীয় ওয়েস্ট ব্যাংক কলেজের শিক্ষক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে সম্রাট বাড়ি থেকে বের হন। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার বাড়ির পাশে মসজিদের পুকুরে তার লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন।

কোম্পানীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, স্থানীয়দের তথ্যের ভিতিতে লাশ উদ্ধার করা হয়। এরপর ঘটনাস্থলেই লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মাদক নিয়ে দ্বন্দ্বে কালিয়াকৈরে পরিবহনশ্রমিক খুন

গাজীপুর জেলা প্রতিনিধি জানান, মাদক নিয়ে দ্বন্দ্বে গাজীপুরের কালিয়াকৈরে বন্ধুর ছুরিকাঘাতে এক পরিবহন শ্রমিক খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার ভোররাতে উপজেলার ট্রাক স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। রাজধানী পরিবহনের হেলপার নিহত আকাশ মিয়া (২২) নওগাঁর বদলগাছী উপজেলার আটাপাড়া পাহাড়পুর এলাকার মজিদুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় কুতুবদিয়া এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় পুলিশ শাকিল হোসেন নামের একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার শাকিল হোসেন হলেন উপজেলার টান কালিয়াকৈর গ্রামের আলম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার ভোররাতে ট্রাকস্ট্যান্ড এলাকায় মাদক নিয়ে চার বন্ধুর মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে এক বন্ধুর ছুরিকাঘাতে আকাশ গুরুতর আহত হয়। এ সময় ওই তিন বন্ধু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে কালিয়াকৈর থানার টহল পুলিশ অশঙ্কাজনক অবস্থায় ওই হেলপারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মাদক দ্বন্দ্বে চার বন্ধুর মধ্যে ঝগড়ার একপর্যায়ে ওই বাস হেলপার ছুরিকাঘাতে নিহত হয়। এ ঘটনায় শাকিল হোসেন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান আছে ।