লিবিয়ার ডিটেনশন ক্যাম্প থেকে ১৭৪ বাংলাদেশী ফিরলেন

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

লিবিয়ার দু’টি ডিটেনশন সেন্টারে মানবেতর জীবন কাটানো ১৭৪ বাংলাদেশী গতকাল মঙ্গলবার ভোর সোয়া ৫টার দিকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তাদেরকে নিজ নিজ বাড়িতে ফেরার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ডেস্ক থেকে।

দূতাবাস থেকে জানানো হয়, লিবিয়ার বাংলাদেশ দূতাবাস ছাড়াও পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়। জানা যায়, দেশে ফেরত আসা এসব বাংলাদেশী অবৈধভাবে লিবিয়া যাওয়ার পর তারা অপহরণের শিকার হন। পরে তাদের এক গ্রুপের ঠাঁই হয় বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে। অপর গ্রুপের ঠাঁই হয় ত্রিপোলীর তাজুরা ডিটেনশন ক্যাম্পে। লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে মাসের পর মাস আটক বাংলাদেশীদের নিরাপদে দেশে ফেরত আনার ব্যবস্থা করতে সংশ্লিষ্টরা এক সাথে কাজ করছে বলে দূতাবাস থেকে জানানো হয়।