চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন

Printed Edition

বিনোদন প্রতিবেদক

স্বনামধন্য চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু আর নেই। ৪ জানুয়ারি দুপুর ১২টায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন এই চিত্রগ্রাহক। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

আব্দুল লতিফ বাচ্চুর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু। তিনি বলেন, ‘আব্দুল লতিফ বাচ্চু চলচ্চিত্রের বিভিন্ন সমস্যার সমাধানে নেতৃত্ব দিয়েছেন। আমরা চলচ্চিত্রের একজন অভিভাবককে হারালাম। চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির পক্ষ থেকে তার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

আব্দুল লতিফ বাচ্চু শুধু একজন চিত্রগ্রাহক নন, তিনি ছিলেন একাধারে চলচ্চিত্র পরিচালক, চিত্র পরিকল্পক ও আলোকচিত্র শিল্পী। তার অসাধারণ ক্যামেরার চোখে ফুটে উঠেছে বাংলা চলচ্চিত্রের নানামাত্রিক সৌন্দর্য। তিনি পরিচালক হিসেবে অনেক ছবি নির্মাণ করেছেন। ‘জাদুর বাঁশি’, ‘নতুন বউ’, ‘স্বামীর ঘর’সহ বেশ কয়েকটি যৌথ প্রযোজনার ছবিও নির্মাণ করেন।

আশির দশকে সিনেমার চিত্রগ্রহণে তার বৈচিত্র্য ও মুন্সিয়ানা চলচ্চিত্রপ্রেমীদের আজো মন ছুঁয়ে যায়।