জাতীয় পার্টির সাথে কোনো বৈঠক হয়নি : জামায়াত

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর মধ্যে গোপন বৈঠক অনুষ্ঠিত হওয়ার মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গতকাল এক বিবৃতিতে বলেন, কিছু সংবাদ মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর মধ্যে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হওয়ার যে গুঞ্জন ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। আমি এই মিথ্যা তথ্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, বাস্তবে এ ধরনের কোনো বৈঠক বা সাক্ষাৎ হয়নি। কিছু গণমাধ্যম অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করছে- যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ধরনের গুজব ও অসত্য সংবাদের প্রতি বিভ্রান্ত না হওয়ার জন্য আমি দেশবাসীকে আহ্বান জানাচ্ছি। পাশাপাশি সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে এ ধরনের মনগড়া ও রাজনৈতিক অসৎ উদ্দেশ্যপ্রণোদিত নিউজ প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর নির্বাচনী মতবিনিময় সভা রূপ নেয় জনসভায়। হাজার-হাজার নারী পুরুষের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে সভাস্থল। চাঁপাইনবাবগঞ্জ পৌর আমির হাফেজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে গত রোববার রাতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ভিপি নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলামী কোনো ব্যক্তি বা পরিবারের রাজনীতি করে না, জামায়াতে ইসলামী গণমানুষের কল্যাণে রাজনীতি করে। জামায়াতে ইসলামী একটি কল্যাণ ও মানবিক বাংলাদেশ জাতিকে উপহার দিতে চায়।

ঢাকা-১২ : জামায়াত এ দেশের শিক্ষাব্যবস্থা এবং ছাত্র-শিক্ষক সম্পর্ক উন্নতির জন্য বিরামহীনভাবে কাজ চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম খান মিলন। গতকাল তেজগাঁও কলেজের শিক্ষক মিলনায়তনে শেরেবাংলা নগর দক্ষিণ থানা জামায়াত আয়োজিত তেজগাঁও কলেজের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।