শাহজাদপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Printed Edition
শাহজাদপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত :  নয়া দিগন্ত
শাহজাদপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত : নয়া দিগন্ত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত উপহার হিসেবে জেলার শাহজাদপুরে ৩০০ অসহায় দুঃস্থ ও প্রতিবন্ধী পরিবারের মধ্যে নগদ অর্থ এবং বস্ত্র বিতরণ করা হয়েছে।

এ মানবিক সহায়তা প্রদান উপলক্ষে গত রোববার দুপুরে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধী পরিবারের মধ্যে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত (এমপি)। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তার সহধর্মিনী এবং বিশিষ্ট সমাজসেবক ফাহমিদা মুহিত, ইউএনও মাশফিকা হোসেন, ওসি সাইফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুল্লাহ আল মাহমুদ। এ সময় অনুষ্ঠানমঞ্চ থেকে নেমে অসহায় মানুষের মধ্যে গিয়ে ব্যতিক্রমধর্মী বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, নির্বাচনের আগে আমি এমনিভাবে আপনাদের মধ্যে গিয়ে ভোট চেয়ে বলেছিলাম, আপনারা আমাকে ভোট দিয়ে এমপি বানালেও ইনশাআল্লাহ আমি এভাবেই আপনাদের মধ্যে আসব। আজ আমি মন্ত্রী হয়েও সেভাবেই আপনাদের মধ্যে এসেছি এবং আপনাদের মধ্যে থাকব ও থাকতে চাই। অপরদিকে, গত সোমবার দুপুরে প্রতিমন্ত্রী উত্তরবঙ্গের বাঘাবাড়িতে নৌ-বন্দরে অবস্থিত পদ্মা, মেঘনা, যমুনা অয়েল ডিপো পরিদর্শনে যান এবং ডিপো কর্মকর্তা ও তেল ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি তেলের কৃত্রিম সঙ্কট সৃষ্টি এবং অবৈধভাবে তেলের দাম বাড়ালে দায়ীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা সবাইকে স্মরণ করিয়ে দেন। পাশাপাশি, স্থানীয় এমপি হিসেবেও দুর্নীতির বিরুদ্ধে নিজের শক্ত অবস্থানের কথাও সবাইকে অবগত করেন। পরিদর্শন শেষে তিনি অয়েল ডিপো চত্বরে একটি বৃক্ষরোপণ করেন। পরে স্থানীয় নুকালী গ্রামে নিজের সেবামূলক প্রতিষ্ঠান ‘সিএসএফ’-এর চত্বরে জুলাই যোদ্ধাদের সাথে মধ্যাহ্নভোজে অংশ নেন। এ ছাড়াও পরপর দুই দিন বিভিন্ন ইউনিয়ন এবং পৌর এলাকার দলীয় নেতাকর্মী ও গণমানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।