নিজস্ব প্রতিবেদক
জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় গ্রেফতার যুবলীগ নেতা নাজিম উদ্দীন হায়দারের স্ত্রী রুবি আক্তার এখন মিল্কভিটার ব্যবস্থাপনা কমিটির সদস্য। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন মিল্কভিটার সমবায়ী ও কর্মকর্তা-কর্মচারীরা। তারা দ্রুত ওই নারীকে অপসারণের দাবি জানিয়েছেন।
বিগত আওয়ামী লীগ সরকার আমলে বাংলাদেশ দুগ্ধ উৎপদানকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) চেয়ারম্যান পদ দখল করে ব্যাপক লুটপাট করেন শেখ হাসিনার চাচা শেখ নাদির হোসেন লিপু। তার দুর্নীতির বিশ^স্ত সঙ্গী ছিলেন মিল্কভিটার পরিচালক চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাজিম উদ্দীন হায়দার। তার নামে একাধিক খুনের মামলা রয়েছে।
বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর গত বছরের ৫ ডিসেম্বর শেখ নাদির হোসেন লিপুর কমিটি বাতিল করে ছয় সদস্যের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। এতে অবসরপ্রাপ্ত নৌ কমান্ডার জহিরুল আলিমকে সভাপতি করা হয়। ব্যবস্থাপনা নির্বাহ ও নির্বাচন করার জন্য এ কমিটি গঠন করা হয়। চার মাস মেয়াদি এ কমিটিকে নির্বাচন করে নতুন নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তেরর জন্য বলা হয়।
কিন্তু ওই অন্তর্বর্তী কমিটি নির্বাচন দিতে ব্যর্থ হয়। তারপরও তাদের আরো চার মাস মেয়াদ বাড়িয়ে দেয়া হয়। গত ২ আগস্ট পর্যন্ত তাদের মেয়াদ ছিল। সে মেয়াদ শেষ হলেও তারা দায়িত্ব পালন করে যেতে থাকেন অবৈধভাবে।
তবে গত ৬ নভেম্বর আবার অন্তর্বর্তী কমিটি গঠন করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় অধিদফতর। সেই অবসরপ্রাপ্ত কমান্ডার জহিরুল আলিমকে সভাপতি করে ৯ সদস্যের গঠিত ওই কমিটিতে ফ্যাসিবাদী আমলে কমিটিতে থাকা চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাজিম উদ্দীন হায়দারের স্ত্রী রুবি আক্তারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ কমিটির মেয়াদ করা হয়েছে এক বছর।
জানা যায়, ছাত্র-জনতার জুলাই আন্দোলনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাজিম উদ্দীন হায়দারকে এ বছরের ৩ জানুয়ারি গ্রেফতার করে পুলিশ। নাজিম উদ্দীন হায়দার শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। ২০২৪-এর ৪ আগস্ট চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে তার বিরুদ্ধে নাশকতা করার অভিযোগ রয়েছে। এ ছাড়া নাজিম উদ্দীন চট্টগ্রাম জেলা ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিভাগীয় সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা অবস্থায় তার বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এমনকি তার বিরুদ্ধে খুনের মামলাও রয়েছে। সূত্রে জানা যায়, রুবি আক্তারকে কমিটিতে অন্তর্ভুক্ত করতে বিপুল অঙ্কের টাকা লেনদেন হয়েছে।
এ দিকে জানা যায়, পটিয়ায় মিল্কভিটার প্রকল্পের জন্য কেনা ২০ শতক জমির প্রায় অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে চট্টগ্রাম জেলা ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিভাগীয় সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন হায়দারের বিরুদ্ধে। ২০২০ সালে জালিয়াতির মাধ্যমে প্রকৃত জমির মালিক স্থানীয় ব্যক্তি মো: আবদুন নুরের ব্যাংক হিসাবে পে-অর্ডার জমা না করে রুবি আক্তারের ব্যাংক হিসাবে জমি বিক্রির ৫৭ লাখ ৪১ হাজার টাকা জমা করে আত্মসাৎ করা হয়।



