বিশ্বকাপ ফুটবল ২০২৬

আজই কি রেকর্ড গড়বেন মেসি

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ আর্জেন্টিনার

‘জে’ গ্রুপের খেলায় আজ রাতে আর্জেন্টাইন অধিনায়ককে একটি গোল করতে হবে অস্ট্রিয়ার বিপক্ষে। তাহলেই জার্মানির সাবেক স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসের ১৬ গোলকে টপকে যাবেন তিনি। বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত হবে এই খেলা।

Printed Edition
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে শেষ প্রস্তুতিতে ব্যস্ত আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি  : ইন্টারনেট
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে শেষ প্রস্তুতিতে ব্যস্ত আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি : ইন্টারনেট

রফিকুল হায়দার ফরহাদ

নিউ ইয়র্ক থেকে

একে একে সব মাইলফলকই অর্জিত হচ্ছে লিওনেল মেসির। বিশ্বকাপে সর্বশেষ আলেজেরিয়ার বিপক্ষে প্রথম হ্যাটট্রিক আদায় করলেন তিনি। এখন তার সামনে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়ার হাতছানি। ‘জে’ গ্রুপের খেলায় আজ রাতে আর্জেন্টাইন অধিনায়ককে একটি গোল করতে হবে অস্ট্রিয়ার বিপক্ষে। তাহলেই জার্মানির সাবেক স্ট্রাইকার মিরোসøাভ ক্লোসের ১৬ গোলকে টপকে যাবেন তিনি। বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত হবে এই খেলা।

ইউরোপের দেশ অস্ট্রিয়ার সাথে বিশ্বকাপে আগে কখনই দেখা হয়নি আর্জেন্টিনার। প্রায় প্রতিবারই বিশ্বকাপে খেলছে আলবিসেলেস্তেরা। অন্য দিকে অস্ট্রিয়ার ২৮ বছর পর ফিরে আসা বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আসরে। ফিফা র‌্যাংকিংয়ে তাদের অবস্থান ২৪। আর আর্জেন্টিনা ১ নম্বরে। মেসির এই মাইলফলক অর্জনের মিশন ছাড়াও দুই দলেরই নকআউট পর্ব নিশ্চিত করার ম্যাচ এটি। যে দল জিতবে তাদেরই ঠিকানা হবে সেরা ৩২-এ। দুই দলই আগের ম্যাচে তিনবার করে বল পাঠায় প্রতিপক্ষের জালে। লিওনেল স্কালোনির দল ৩-০তে হারিয়েছে আলজেরিয়াকে। আর অস্ট্্িরয়ার ৩-১ এ জয় ছিল জর্দানের বিপক্ষে। আজকের এই ম্যাচ ড্র হলে সেরা ৩২-এ খেলা নিশ্চিত করতে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। অস্ট্রিয়ার পরের খেলা আলজেরিয়ার সাথে। আর আজেন্টিনার তৃতীয় ম্যাচের প্রতিপক্ষ জর্দান।

এ পর্যন্ত তিনবার মোকাবেলা হয় দুই দলের। এতে একটি করে জয় দুই দলেরই। ১৯৬৬ সালে প্রথম মোকাবেলায় আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েছিল অস্ট্রিয়া। এরপর ১৯৮০ সালের প্রীতিম্যাচে ল্যাতিন আমেরিকান দেশটি ৫-১ গোলে হারায় তাদের। আর ১৯৯০ সালে দুই দলের খেলা ১-১-এ শেষ হয়।

গ্রুপে টানা দ্বিতীয় জয় পেতে অস্ট্রিয়া সান ফ্রান্সিসকো থেকে উড়ে এসেছে ডালাসে। আর আর্জেন্টিনা কানসাস সিটি থেকে ডালাসে এসে পৌঁছেছে। এই ডালাসেই আর্জেন্টিনার পরের ম্যাচ জর্দানের বিপক্ষে।

নিশ্চিতভাবেই অস্ট্রিয়ার বিপক্ষে ফেবারিট তিনবারের বিশ্বকাপজয়ীরা। তবে দারুণ জয়ে এবারের বিশ্বকাপ শুরু করে আরো উজ্জ্বীবিত অস্ট্রিয়া। দলের অধিনায়ক ডেভিড আলাবা জানান, ‘আমরা দেখেছি মেসি গত ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন। তবে আমাদের ম্যাচে তা আর হবে না।’ এই ডিফেন্ডার যোগ করেন, ‘আর্জেন্টিনা অবশ্যই ভালো দল। তারা গতবারের চ্যাম্পিয়ন। শুধু মেসিই নন, তাদের পুরো দলে মানসম্পন্ন খেলোয়াড়ের অভাব নেই। এর পরও আমরা তাদের কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবো। তাদের হারানোর যোগ্যতা আমাদের আছে।’

অন্য দিকে আর্জেন্টিনার সহকারী কোচ পাবলো আইমার জানান, ‘অস্ট্রিয়া যথেষ্ট শক্তিশালী দল। তবে আলজরিয়ার বিপক্ষে সবাই যে আর্জেন্টিনাকে দেখেছিল অস্ট্রিয়ার বিপক্ষে আরো ভিন্ন রূপে আবির্ভূত হবো আমরা।’ এই সাবেক মিডফিল্ডারের মতে, ‘অস্ট্রিয়ানরা শারীরিক সক্ষমতা কাজে লাগাবে। এতে আমাদের খেলোয়াড়দের সমস্যা হবে। তবে আমরা গতিময় এবং নান্দনিক শুরু দিয়ে বিপর্যস্ত করে দিতে চাই তাদের।

অবশ্য অস্ট্রিয়াকে কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। আজেন্টিনা গত বিশ্বকাপেই সৌদি আরবের কাছে হেরেছিল। ১৯৯৪ সালে বুলগেরিয়া ও রোমানিয়ার কাছে হার। আর ২০০২ সালে সুইডেনের বিপক্ষে জিততে ব্যর্থ হয়ে দ্বিতীয় রাউন্ডেই উঠতে পারেননি হার্নান ক্রেসপো, গ্যাব্রিয়েল বাতিস্তুারা।

এ দিকে ডালাস শহর এখন পরিণত হয়েছে মিনি আর্জেন্টিনায়। রাস্তায় রাস্তায় বড় বড় ব্যানার ও দেয়াল চিত্র মেসি ও আর্জেন্টিনার পতাকার। হাজার হাজার আর্জেন্টাইন ফ্যান শহরজুড়ে। রয়েছে অস্ট্রিয়ান দর্শকও। মেসির হ্যাটট্রিকের পর টিকিটের দামও অনেক বেড়ে গেছে এই ম্যাচের।

ইনজুরির জন্য এই ম্যাচে খেলা হবে না আর্জেন্টিনার গনজলো মন্টিয়েলের। কাতার বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে জয়সূচক গোলটি করেছিলেন তিনি।